এত প্রতিভা!

‘পেন’-এর কালি ফুরিয়ে যাবে পেনেলোপে ক্রুজকে নিয়ে লিখতে লিখতে। এত প্রতিভা! পুরস্কারজয়ী অভিনেত্রী, প্রযোজক, মডেল, ফ্যাশন ডিজাইনার...লম্বা লিস্টি। কিন্তু এই তালিকায় যে কেশ-সজ্জাকারীও আছেন, কে জানত! সম্প্রতি এক অনুষ্ঠানে ক্রুজ তাঁর খুব কাছের বন্ধু সালমা হায়েকের চুল বেঁধে দিয়েছেন। তাও একেবারে ঘুটঘুটে অন্ধকারেই!
গত মঙ্গলবার নিউইয়র্কে ক্রুজ অভিনীত মা মা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ছিল। এ সময় ড্রেসিংরুমে সাজ নিচ্ছিলেন হায়েক। হুট করে বাতি নিভে যায়। ক্রুজ এগিয়ে এসে বান্ধবীর চুল বেঁধে দেন। স্পেনের মাদ্রিদে এক শ্রমজীবী পরিবারে জন্ম তাঁর। মা এনকারনা পেশায় ছিলেন হেয়ারড্রেসার। ক্রুজের শৈশবের অনেক দুপুর-বিকেল কেটেছে মায়ের স্যালুনে। সেখানেই দেখে শেখা প্রতিভা এখনো কাজে লাগে বৈকি।
এই স্যালুনের প্রতি নিজের কৃতজ্ঞতার শেষ নেই। ক্রুজ বলেছেন, ‘এটাই ছিল আমার প্রথম অভিনয় শেখার স্কুল। এখানে অনেক নারী আসতেন, প্রত্যেকেই ছিলেন একেকটি চরিত্র।’ এই হলো ক্রুজের প্রতিভার রহস্য। আর যে পারে, সে তো চুলও বাঁধে! পিপল।