এবার অস্কার 'সাদা' নয়

প্রথমবারের মতো অস্কার মনোনয়নে অভিনয় ক্যাটাগরির প্রত্যেকটিতে মনোনয়ন পেয়েছেন কৃষ্ণবর্ণের অভিনয়শিল্পীরা। গত দুই অস্কার আসর বর্ণবৈষম্যের কারণে বেশ সমালোচিত হয়। এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন তালিকায় কৃষ্ণবর্ণের অভিনয়শিল্পীরা প্রাধান্য পাওয়ায় এই অস্কারকে কৃষ্ণবর্ণের লোকদের জন্য ইতিহাস হিসেবেই দেখছেন অস্কার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত মঙ্গলবার অস্কার মনোনয়ন ঘোষণার পর দেখা যায়, সেখানে কৃষ্ণবর্ণের অভিনেতাদের দারুণ সব ছবি মনোনয়ন পেয়েছে। তা ছাড়া অভিনয় ক্যাটাগরিতেও আছেন এই বর্ণের অভিনয়শিল্পীদের নাম। তাঁদের মধ্যে ভায়োলা ডেভিস, ড্যানজেল ওয়াশিংটন, দেব প্যাটেল, রুথ নেগা, অক্টোভিয়া স্পেনসার, মাহেরসালা আলি ও নাওমি হ্যারিস উল্লেখযোগ্য। মনোনীত হয়েছেন তাঁরা সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা সহ-অভিনেতা ও সেরা সহ-অভিনেত্রী ক্যাটাগরিতে। ছবি মনোনয়নে কৃষ্ণবর্ণের অভিনয়শিল্পীদের অভিনীত ছবি ‘ফেন্সেস’, ‘হিডেন ফিগারস’, ‘মুনলাইট’ ও ‘লায়ন’ আছে সেরা ছবির প্রতিযোগিতায়।
অস্কারের গত দুই আসরে শ্বেতাঙ্গ শিল্পী ও তাঁদের অভিনীত ছবিগুলোরই প্রাধান্য ছিল বেশি। গত বছর তো সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি হ্যাশট্যাগ দিয়ে ‘অস্কার সো হোয়াইট’ নামে ভাইরাল হয়। আগামী মাসের ২৬ তারিখ বসবে বিশ্বের সিনেমার ইতিহাসে সবচেয়ে সম্মানজনক এ আসরটি। সেদিন যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে বিজয়ীদের হাতে অস্কার তুলে দেওয়া হবে। পিপল।