এবার আর ভুল হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত অস্কারে ভুল ছবির নাম পড়ার পর আসল খাম হাতে ওয়ারেন বেটি (ডানে)। তাঁর পাশে অস্কার আসরের সঞ্চালক জিমি কিমেল। এবারের অনুষ্ঠানটিও সঞ্চালনা করবেন জিমি।
গত অস্কারে ভুল ছবির নাম পড়ার পর আসল খাম হাতে ওয়ারেন বেটি (ডানে)। তাঁর পাশে অস্কার আসরের সঞ্চালক জিমি কিমেল। এবারের অনুষ্ঠানটিও সঞ্চালনা করবেন জিমি।
  • এই পুরস্কার অনুষ্ঠান এ বছর ৯০তম বছর উদযাপন করতে যাচ্ছে।
  •  লস অ্যাঞ্জেলেসে ৪ মার্চ রাতে বসবে বরাবরের মতো অস্কারের আসর।
  •  বদল এনেছে বিজয়ীর নামসংবলিত খাম হস্তান্তরের রীতিতে।

আর দুই দিন পরই আসবে হলিউডপ্রেমীদের জন্য বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত রাতটি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৪ মার্চ রাতে (বাংলাদেশ সময় ৫ মার্চ ভোরবেলা) বসবে বরাবরের মতো অস্কারের আসর। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার অনুষ্ঠান এ বছর ৯০তম বছর উদযাপন করতে যাচ্ছে। ৯০ বছর বয়সী অস্কার নিয়ে কিছু বিশেষ আয়োজন আমরাও করেছি।

গতবারের অস্কারে সেরা চলচ্চিত্রের নাম ঘোষণা নিয়ে যে মারাত্মক ভুল হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়েছেন আয়োজকেরা। এ বছর আয়োজক প্রতিষ্ঠান একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণায় বিশেষভাবে সচেতন হয়েছে। বদল এনেছে বিজয়ীর নামসংবলিত খাম হস্তান্তরের রীতিতে। এই বদলের মধ্যে আছে অস্কারে খাম হস্তান্তরের দায়িত্বে থাকা ব্যক্তিরা অনুষ্ঠান চলার সময় ফোন ব্যবহার করতে পারবেন না, এমন নিয়মও।

অস্কার কর্তৃপক্ষের সঙ্গে ৮০ বছর ধরে ভোট গ্রহণ, ভোট গণনা ও বিজয়ীর নাম বাছাইয়ের কাজ করে আসছে প্রাইসওয়াটারহাউসকুপার্স নামের একটি প্রতিষ্ঠান। তারাই এ সম্মানজনক অনুষ্ঠানে প্রতিবছর অস্কার প্রদানকারী তারকাদের হাতে মঞ্চে ওঠার আগমুহূর্তে ধরিয়ে দেন বিজয়ীর নামসংবলিত খাম। গত বছর ৮৯ তম অস্কার আসরে এই প্রতিষ্ঠানেরই এক কর্মী ভুল করে অস্কার প্রদানকারী তারকার হাতে সেরা চলচ্চিত্রের খামের বদলে তুলে দেন সেরা অভিনেত্রীর নামওয়ালা খাম। এরপরই ঘটে যায় অস্কার ইতিহাসের সবচেয়ে বড় ভুলের ঘটনাটি। অস্কার মঞ্চে সেরা ছবি হিসেবে ভুলে ঘোষিত হয় লা লা ল্যান্ড-এর নাম। তবে কিছুক্ষণের মধ্যেই ভুল শুধরে মূল বিজয়ী ‘মুনলাইট’ ছবির নির্মাতা ও প্রযোজকের হাতে তুলে দেওয়া হয় অস্কার।

এবার যেন তেমন কোনো ভুলের পুনরাবৃত্তি না হয়, সে জন্য অনেক প্রস্তুতি নিয়েছে একাডেমি ও প্রাইস ওয়াটার হাউস কুপার্স কর্তৃপক্ষ। গত মাসে তারা তাদের অস্কারের খাম হস্তান্তর নীতিমালায় এনেছে বেশ বড় বড় পরিবর্তন। গত মাসে ঘোষণা দিয়েছে নিজেদের সংশোধিত নীতিমালা। প্রাইসওয়াটারহাউসকুপার্সের চেয়ারম্যান বেশ জোর দিয়েই বলেছেন, এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই।

সংশোধিত নীতিমালায় আছে, গত বছর খাম হস্তান্তরে কাজ করা কোনো কর্মীই এবারের আসরে যুক্ত হওয়ার সুযোগ পাবেন না। নতুন করে গোছানো হয়েছে কর্মী দল। এই কর্মীরা খাম নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতনভাবে কাজ করবেন অস্কার আসরে। অনুষ্ঠান চলার সময় তাঁদের যেকোনো যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যে কর্মীদের হাতে বিজয়ীর নামসংবলিত খাম থাকবে, তাঁরা ফোনও ব্যবহার করতে পারবেন না। তা ছাড়া অন্যান্য বছর যেখানে তারকারাই শুধু অংশ নিতেন অস্কারের আগে বিজয়ীর নাম ঘোষণার মহড়ায়, এ বছর থেকে অস্কারের খাম বিলি করার দায়িত্ব পাওয়া কর্মীরাও মহড়ায় যোগ দিয়েছেন। তাঁরাও মহড়া করছেন, কীভাবে সঠিক খাম সঠিক মানুষের হাতে তুলে দেবেন। অন্যদিকে অস্কার কর্তৃপক্ষ প্রদানকারীদের মহড়ায় শিখিয়ে দিচ্ছেন, যদি এরপরও তাঁরা ভুল খাম হাতে পান, তাহলে কীভাবে পরিস্থিতি সামলাবেন।