এবার ঘরবাড়ি বেচার পালা

ইতালির গ্র্যান্ড ক্যানেলের পাড়ে চারতলা বাড়ি। সেই বাড়ির সামনের খালে ছোটখাটো একটা জলযান পার্ক করে রাখা যায়। শখ করে কেনা চোখজুড়ানো সেই বিলাসবহুল বাড়িটিও এবার বেচে দিচ্ছেন ‘পাইরেট অব দ্য ক্যারিবিয়ান’-এর ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ওরফে জনি ডেপ। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ার মজাটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই অভিনেতা।
ইতালির একটি সংবাদপত্রের বরাত দিয়ে পেজ সিক্স জানিয়েছে, বাড়িটির বাজারমূল্য এখন ১০ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার। সাতটি শোয়ার ঘর, নয়টি গোসলখানা ও ব্যক্তিগত জলযান রাখার সুবিশাল একটি জায়গা আছে এই বাড়ির সামনে। ২০১১ সালে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ‘দ্য টুরিস্ট’ ছবিটি করার সময় বাড়িটি কিনেছিলেন জনি।
ইতালির সংবাদপত্রগুলি বলছে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জন্যই বাড়িটি বিক্রি করতে হচ্ছে এই হলিউড তারকাকে। এর আগে একটি নিলামঘরের মাধ্যমে মূল্যবান সব চিত্রকর্ম বিক্রি করেছিলেন জনি ডেপ। বিচ্ছেদের পর স্ত্রীর প্রাপ্ত অধিকার বুঝিয়ে দিতে হবে যে তাঁকে!