এবার বেওয়াচ ছবিতে পামেলা?

নব্বইয়ের দশকের জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘বেওয়াচ’-এর কাহিনি নিয়ে প্যারামাউন্ট পিকচার্স নতুন করে ছবি বানানোর উদ্যোগ নিয়েছে। সিরিজে থাকলেও ছবিতে থাকছেন না বলেই জানিয়েছিলেন বেওয়াচ তারকা পামেলা অ্যান্ডারসন। সম্প্রতি এ ছবিতে বেওয়াচ সিরিজের আরেক তারকা অভিনেতা ডেভিড হ্যাসেলহফ অভিনয় করবেন বলে জানিয়েছিলেন ‘দ্য রক’খ্যাত ডোয়েন জনসন। এবার শোনা যাচ্ছে, পামেলা অ্যান্ডারসনও নাকি ভাবছেন এ ছবিতে অভিনয়ের কথা!
অবশ্য পামেলার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
এ ছবিতে অভিনয় করছেন ‘দ্য রক’ ডোয়েন জনসন। বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও আছেন নতুন এই ‘বেওয়াচ’ ছবিতে।
পামেলা এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি এখনো জানেন না যে এ ছবিতে তিনি অংশ নেবেন কি না।
এ প্রসঙ্গে পামেলা অ্যান্ডারসন বলেছেন, ‘তারা আমাকে বলেছিল অভিনয় করার জন্য। কিন্তু আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমি এখনো জানি না।’ পামেলা আরও বলেন, ‘আমি জানি না এ ছবিতে অভিনয় করলে হয়তো কোনো বয়সী নারীর চরিত্রে; কোথাও কোনো কাউন্টারের কোনায় দাঁড়িয়ে কাজ করছি—এমন চরিত্রে অভিনয় করব!’
যা-হোক, পামেলা যদি মনস্থির করেন যে এ ছবিতে তিনি থাকবেন, সে ক্ষেত্রে সম্ভবত ‘বেওয়াচ’ ভক্তদের জন্য এ ছবির সর্বশেষ আকর্ষণ হতে যাচ্ছেন পামেলা অ্যান্ডারসন। পিটিআই।