এবার শাহজাহান সাজবেন বেন কিংসলে

গান্ধী ছবিতে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করে পুরো বিশ্বে সাড়া ফেলেছিলেন অভিনেতা বেন কিংসলে। সাম্প্রতিক এক ছবিতে মার্কিন মুলুকের নিউ ইয়র্ক শহরের এক শিখ ট্যাক্সিচালক সেজেছেন বেন। আর এবারে মুঘল সম্রাট শাহজাহানের চরিত্রে অভিনয় করবেন বলেই আশা প্রকাশ করেছেন এই শক্তিমান অভিনেতা। পর্দায় সম্রাট শাহজাহান হয়ে মুঘল সাম্রাজ্য আর তাজমহলের অজানা গল্প শোনাবেন স্যার বেন কিংসলে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
এ প্রসঙ্গে বেন কিংসলে বলেছেন, সম্রাট শাহজাহানের চরিত্রে অভিনয় করার বিষয়টা তাঁর জীবনের কয়েকটি চাওয়ার মধ্যে অন্যতম একটি। শাহজাহান সম্পর্কে তাঁর বক্তব্য— অসাধারণ একজন মানুষ, দার্শনিক, কবি, স্থপতি, যোদ্ধা; সত্যিই অবাক করা এই মানুষটি।
বেন কিংসলে বলেছেন, তিনি শাহজাহানে মুগ্ধ আর এই মুঘল সম্রাটের চরিত্রে অভিনয়ে আনন্দের সঙ্গে আগ্রহী। তিনি আরও বলেন, হোক তা পূর্ণদৈর্ঘ্য ছবি কিংবা ধারাবাহিক; এই অসামান্য মুঘল সম্রাটের অসাধারণ কাহিনি আর তাজ মহলের গল্প শোনাতে চান তিনি।
৭১ বছর বয়সী শক্তিমান এই অভিনেতা ১৯৮২ সালের গান্ধী ছবিতে মহাত্মা গান্ধীর চরিত্র রূপায়ণে অসাধারণ নৈপুণ্য আর দক্ষতার পরিচয় দিয়েছিলেন। অভিনয় নৈপুণ্যের জন্য অস্কার, অ্যাকাডেমি পুরস্কার সহ এযাবৎ অনেক পুরস্কারেই ভূষিত হয়েছেন স্যার বেন কিংসলে। বেনের সাম্প্রতিক ছবি ‘লার্নিং টু ড্রাইভ’ ছবিতে মার্কিন মুলুকে এক রাজনৈতিক আশ্রয়প্রার্থী শিখ ট্যাক্সি ড্রাইভারের চরিত্র তিনি ফুটিয়ে তুলেছেন অসামান্য অভিনয়ে।
এবার বেনের কাছ থেকে আমরা সম্ভবত পেতে যাচ্ছি ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের বহুমাত্রিক প্রতিভার অধিকারী মুঘল সম্রাট শাহজাহানের নিখুঁত প্রাণবন্ত জীবন-ছবি আর যমুনার তীরে আজও মাথা তুলে জেগে থাকা তাজমহলের অদেখা গল্প।