এবার সিরীয় শিশুকে দত্তক নিচ্ছেন পিট-জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাড পিট

তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের ঘর আলো করে আছে ৬ সন্তান। শিগগিরই সেখানে যুক্ত হতে যাচ্ছে সিরীয় এক অনাথ শিশু। তুরস্কের এক শরণার্থীশিবিরে অনাথ তিন সিরীয় শিশুকে দেখে মমতাময়ী জোলি তিনজনই দত্তক নিতে চেয়েছিলেন। কিন্তু ঘরে এর মধ্যেই ৬ সন্তান। এর সঙ্গে আরও তিনজনকে সামলানো অনেক কঠিন হয়ে যাবে বলেই জোলিকে জানিয়েছিলেন ব্র্যাড পিট। অগত্যা একজন সিরীয় শিশুকেই দত্তক নিচ্ছেন তাঁরা।

এখন পর্যন্ত তিন সন্তানের জন্ম দিয়েছেন জোলি। তাঁর প্রথম সন্তান শিলোহ। পরে যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের জন্ম দেন তিনি। এ ছাড়া পিট-জোলির দত্তক তিন সন্তানের নাম— ম্যাডক্স, প্যাক্স ও জাহারা।

সিরিয়ার চলমান সহিংসতায় উদ্বিগ্ন অ্যাঞ্জেলিনা জোলি গত এপ্রিলে তুরস্কের একটি শরণার্থীশিবিরে গিয়েছিলেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূত জোলি সেখানকার অমানবিক পরিস্থিতি দেখে দীর্ঘ সময় ধরে সিরিয়ায় ঘটে চলা এই নির্মম সহিংসতার সমাধানে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কড়া সমালোচনা করেন। শরণার্থীশিবিরে পিতৃহীন তিন সিরীয় শিশুকে দেখে এবং তাদের বাবা-মায়ের করুণ মৃত্যুর বিষয়টি জেনে জোলি তৎক্ষণাৎ তিন শিশুকেই দত্তক নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। এই শিশুদের বাবাকে সৈন্যরা ধরেনিয়ে গিয়ে হত্যা করে​ছিল আর তাদের মা বোমার আঘাতে মারা যান।

এ প্রসঙ্গে ব্র্যাড পিট জা​নিয়েছেন, সে সময় শরণার্থীশিবিরের অনাথ ওই তিনজন শিশুকেই দত্তক নিতে চেয়েছিলেন জোলি। কিন্তু আমেরিকায় ফিরে আসার পরে পিটকে যখন তাঁর এই দত্তক নেওয়ার ইচ্ছার কথা জোলি জানান, পিট তখন তাঁকে ঘরের বাস্তবতার বিষয়টি বলেছিলেন। তাঁদের ছয় সন্তানের সংসারে নতুন করে আরও তিনজন শিশুকে যুক্ত করলে যে বিষয়টি সামলানো খুব কঠিন হয়ে যাবে তা বোঝানোর পর শুধু একজনকে দত্তক নেওয়ার ব্যাপারে সম্মত হন জোলি।


আমলাতান্ত্রিক জটিলতায় জোলির সিরীয় শিশু দত্তক নেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে কমপক্ষে আরও মাস চারেক সময় লাগতে পারে বলেই একটি সূত্র জানিয়েছে। ৪/৫ মাসের আগে শিশুটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া বোধ হয় সম্ভব হবে না।

প্রসঙ্গত, জোলির ঘরে এর আগে দত্তক নেওয়া যে তিন শিশু রয়েছে, এদের মধ্যে ম্যাডক্সকে কম্বোডিয়া থেকে, ভিয়েতনাম থেকে প্যাক্সকে এবং জাহারাকে ইথিওপিয়া থেকে দত্তক নিয়েছিলেন জোলি।