এবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার জিতলেন ডিক্যাপ্রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনার্দো ডিক্যাপ্রিও
লিওনার্দো ডিক্যাপ্রিও

সময়টা এখন পর্যন্ত তাঁরই নিয়ন্ত্রণে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে হলিউডের তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এ বছর জয়ের জন্যই তাঁর যাত্রা শুরু করেছেন। গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতার পুরস্কার জেতার পর সম্প্রতি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (স্যাগ) পুরস্কারের আসরেও ‘রেভেন্যান্ট’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ডিক্যাপ্রিও।


স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডের এটি ছিল ২২তম আসর। সাম্প্রতিক অস্কার বিতর্কের পর এই পুরস্কারের আসরটি বেশ গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের ক্ষেত্রে বিশেষ লক্ষ রাখা হয় অভিনেতার অভিনয়ের বহুমাত্রিক বিষয়টির প্রতি।

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের আসরের মাত্র কিছুদিন আগে ‘দ্য রেভেন্যান্ট’ ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ৭৩তম গোল্ডেন গ্লোবের আসরে ‘ড্রামা’ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন হলিউডের জনপ্রিয় তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। এটি ছিল ডিক্যাপ্রিওর তৃতীয় গোল্ডেন গ্লোব জয়। এর আগে ‘দ্য অ্যাভিয়েটর’ সিনেমার জন্য ২০০৫ সালে ও ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ছবির জন্য ২০১৪ সালে এই আসরের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।

এদিকে ডিক্যাপ্রিওর সামনে উঁকি দিচ্ছে আরেক সম্ভাবনা। অধরা অস্কার কি এবার হাতে পাবেন এই অভিনেতা? বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয়ের খ্যাতি আছে তাঁর। সব সময় নিজের সেরাটাই ঢেলে দিয়েছেন তিনি। তবুও পাঁচ-পাঁচবার মনোনয়ন পেয়েও অস্কার অধরাই রয়ে গেছে মেধাবী এই অভিনেতার কাছে। অবশ্য এবার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, গুঞ্জনও চলছে বেশ। গোল্ডেন গ্লোবের পর স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের আসরে সেরা অভিনেতার পুরস্কার জয় যেন সে সম্ভাবনাকেই উসকে দিল। ই-অনলাইন। পিটিআই। মিড-ডে।