এবার স্বর্ণপামের ফয়সালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানে গতকাল ম্যাকবেথ ছবির ফটোকলে মারিয়োঁ কোতিয়ার ও মাইকেল ফাসবিন্ডার l এএফপি
কানে গতকাল ম্যাকবেথ ছবির ফটোকলে মারিয়োঁ কোতিয়ার ও মাইকেল ফাসবিন্ডার l এএফপি

স্বর্ণপাম জেতার সবচেয়ে সহজ কৌশল কী? সোজা উত্তর, যথাসম্ভব ধীরগতির ছবি বানানো। ছবিটা দেখতে বসে আপনি মোটামুটি ক্লান্ত। হয়তো ভাবছেন, কখন ছবিটা শেষ হবে? তখনই বুঝবেন, এই ছবিই হবে বিচারকদের চোখে সেরা। এটি কান চলচ্চিত্র উৎসবের বিচারকদের নিয়ে প্রচলিত একটি রসিকতা মাত্র।
আদতে সারা দুনিয়া থেকে উড়ে আসা সাংবাদিক-সমালোচকেরা জানেন, মহৎ আর বড় শিল্পকর্ম সব সময় প্রথম দেখাতেই আপনাকে তাক লাগিয়ে দেবে—এমন কোনো কথা নেই। তাঁরা এটাও বিলক্ষণ জানেন, কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কারটি নিয়ে আগেভাগে সুনিশ্চিত কিছু বলতে যাওয়া সত্যিই বোকামি। তাই বলে আজ শেষ ফয়সালার দিনে এসে স্বর্ণপাম বা পাম দ্য’র পুরস্কার নিয়ে ভবিষ্যদ্বাণীর প্রচেষ্টা থেমে থাকবে, এমন ভাবারও কোনো কারণও নেই।
এশিয়া নাকি ইউরোপ?: এশিয়া নাকি ইউরোপ? কোন মহাদেশে যাচ্ছে স্বর্ণপাম? স্বর্ণপাম বা প্রথম সারির পুরস্কারগুলোর হিসাব-নিকাশ হতে পারে ইউরোপ আর এশিয়াকে ঘিরেই। উৎসবের প্রথম সপ্তাহ পাল্লাটা ঝুঁকে ছিল পুরোপুরি ইউরোপের দিকে। ক্যারল, লবস্টার, টেল অব টেলস নাকি সাউল ফিয়া—কার ভাগ্যে যাচ্ছে স্বর্ণপাম? এই ছিল জল্পনা। কিন্তু উৎসবের শেষভাগে এসে অপ্রত্যাশিতভাবে সবার চোখ এখন এশিয়ার দিকে ফিরেছে। বিশ্ব সিনেমার এই মহা আসরে এশিয়ার পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছেন যিনি, তিনি হোউ সিয়াও-সিয়েন। উৎসবের শেষভাগে তাইওয়ানের এই নির্মাতার ছবি অ্যাসাসিন চলে এসেছে আলোচনায়।
হোউ সিয়াও-সিয়েনের ছবির পটভূমি নয় শতকের চীন। সেখানে আমরা দেখি মার্শাল আর্টে প্রশিক্ষণ নিয়ে দুর্ধর্ষ এক হন্তারকে পরিণত হয় তরুণী জিনিয়াং। দুর্নীতিবাজ স্থানীয় গভর্নরদের নিকেশ করা তার কাজ। একসময় জিনিয়াংয়ের জীবনে আসে কঠিনতম চ্যালেঞ্জ। তাঁকে ফিরতে হয় নিজের জন্মভূমিতে, যেখান থেকে সে অপহৃত হয়েছিল মাত্র ১০ বছর বয়সে।
সাত বছর বিরতির পর আবারও ছবি তৈরি করলেন হোউ সিয়াও-সিয়েন। কাহিনির গতি ধীর হলেও দৃশ্যায়নের সৌন্দর্য আর যথার্থতায় এই ছবি পেছনে ফেলতে পারে যেকোনো ছবিকে।
এশিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার ছবি ক্যারল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নাৎসি নির্যাতন ক্যাম্পের ঘটনা নিয়ে তৈরি হাঙ্গেরির সাউল ফিয়া বা ইতালির টেল অব টেলস কিংবা আয়ারল্যান্ডের লবস্টারও ছেড়ে কথা বলবে না।
কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসলে বিচারকদের হাতেই। কারা হাসবেন শেষ হাসি, কোয়েন (ইথান ও জোয়েল কোয়েন) ভাইদের বিচারসভা থেকে সেটা জানতে অপেক্ষা আর অল্প মাত্র।
ফিপরেসকি পুরস্কার: কান উৎসবের ফিপরেসকি পুরস্কার বা ইন্টারন্যাশনাল ক্রিটিকস প্রাইজ বাংলাদেশের জন্য আলাদা অর্থবহ হয়ে থাকবে সব সময়। কারণ, কান উৎসবের এই পুরস্কারটির সঙ্গেই জড়িয়ে আছে বাংলাদেশের সিনেমার অন্যতম সুখস্মৃতি। এই পুরস্কার জিতে তারেক মাসুদের মাটির ময়না শুরু করেছিল অসাধারণ এক অধ্যায়। এ বছরের সেই ফিপরেসকি পুরস্কার ঘোষিত হয়েছে গতকাল রাতে।
এই পুরস্কার জিতেছে হাঙ্গেরির লাজলো নেমেসের ছবি সাউল ফিয়া। আন সার্টেন রিগার্ড বিভাগে ভারতের জন্য বড় সম্মান বয়ে এনেছেন নিরাজ গায়ওয়ান। এই বিভাগ থেকে তাঁর ছবি মাসান জিতেছে পুরস্কার।
‘আমরা বহুদিন কান উৎসবে কোনো পুরস্কার জিতি না। এটি আমার পুরো দেশের জন্য বড় সম্মান।’ পুরস্কার প্রাপ্তির পর বলেছেন নিরাজ গায়ওয়ান।
একই সময়ে ঘোষিত ইকুমেনিকাল জুরি পুরস্কার জিতেছেন ইতালির পরিচালক ন্যানি মরেত্তি তার ছবি মিয়া মাদর-এর জন্য।
শেষবেলায় শেক্সপিয়ার: উৎসবের শেষবেলায় যেন ফরাসি সৌরভে আরও একবার মোহিত করলেন মারিয়োঁ কোতিয়ার। অস্কার বিজয়ী এই ফরাসি অভিনেত্রী কাল এসেছিলেন ম্যাকবেথ ছবির প্রচারণায়। সঙ্গে ছবির পরিচালক অস্ট্রেলিয়ার জাস্টিন কুরজেল এবং অভিনেতা মাইকেল ফাসবিন্ডার।
শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের ছায়ায় তৈরি এক কঠিন যোদ্ধার গল্প ম্যাকবেথ। কাল পয়লা প্রদর্শনীতে ছবিটি প্রশংসাই পেয়েছে সবার। এতে লেডি ম্যাকবেথের ভূমিকায় আছেন মারিয়োঁ কোতিয়ার এবং ম্যাকবেথের চরিত্রে অভিনয় করেছেন মাইকেল ফাসবিন্ডার।
নবীন নির্মাতাদের বরাত: সারা বিশ্বের ৩৮১টি প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্রবিষয়ক শিক্ষার্থীদের পাঠানো ১ হাজার ৫৯৩টি স্বল্পদৈর্ঘ্য ছবি থেকে বেছে নেওয়া হয়েছিল মোট ১৮টি ছবি। ভবিষ্যতের বড় নির্মাতাদের সূতিকাগার হিসেবে পরিচিত সিনেফন্ডেশন বিভাগে এবারে বাজিমাত করেছে যুক্তরাষ্ট্রের পিপা বিয়ানকোর ছবি শেয়ার। দ্বিতীয় পুরস্কার জিতেছে পেরুর ছবি লোকাস পেরদিদাস। যুগ্মভাবে তৃতীয় হয়েছে রাশিয়ার দ্য রিটার্ন অব এরকিন এবং স্পেনের ভিক্তর এক্স এক্স।