এবারও বন্ড ড্যানিয়েল ক্রেইগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ক্রেইগ
ড্যানিয়েল ক্রেইগ

বন্ড-ভক্তদের জন্য সুখবরই বটে। তুমুল জনপ্রিয় জেমস বন্ড সিরিজের ২৪তম ছবির শুটিং শুরু হচ্ছে এ বছরই। নাম চূড়ান্ত না হওয়া ছবিটির শুটিং শুরু হবে ডিসেম্বরে। ‘ক্যাসিনো রয়্যাল’ (২০০৬), ‘কোয়ান্টাম অব সোলেস’ (২০০৮) ও ‘স্কাইফল’ (২০১২) ছবির পর বন্ড সিরিজের নতুন ছবিতেও বন্ড থাকছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। এরই মধ্যে চতুর্থবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ৪৬ বছর বয়সী এ তারকা অভিনেতা।
‘স্কাইফল’ ছবির ব্যাপক সাফল্যের পর বন্ড সিরিজের নতুন ছবিও পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা স্যাম মেন্ডেজ। ছবিতে ক্রেইগ ছাড়া আরও অভিনয় করবেন র‌্যালফ ফাইনস, নাওমি হ্যারিস, বেন হুইশ প্রমুখ। লন্ডনের কাছে পাইনউড স্টুডিওতে ৬ ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ভ্যারাইটি ম্যাগাজিন।
‘স্কাইফল’ ছবির পর ২৪তম বন্ড সিরিজের চিত্রনাট্যও লিখেছেন জন লোগান, নিল পার্ভিস ও রবার্ট ওয়েড। পরিবেশক সংস্থা এমজিএম এবং সনি। প্রযোজক হিসেবে থাকছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রকোলি। ছবির পরিবেশক সংস্থা ও প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যে ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালের ২৩ অক্টোবর। আর যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি দেওয়া হবে আগামী বছরের ৬ নভেম্বর।
এযাবৎ জেমস বন্ড সিরিজের সবচেয়ে সফল ছবি ‘স্কাইফল’। ২০১২ সালে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। বন্ড সিরিজের নতুন ছবি ‘স্কাইফল’-এর আকাশছোঁয়া সাফল্যকে ছাপিয়ে যেতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।