এমি অ্যাওয়ার্ডসে যুক্তরাজ্যের জয়জয়কার

আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে বরাবরই যুক্তরাজ্যের জয়জয়কার। সর্বশেষ ছয়বারের পাঁচবারই সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন যুক্তরাজ্যেরই কেউ। এবারও সেরা অভিনেতার পুরস্কার বগলদাবা করলেন ব্রিটিশ অভিনেতা স্টেফেন ডিলান। ক্রাইম ড্রামা দ্য টানেল-এর জন্য এই পুরস্কার জিতেছেন গেম অব থ্রোনস তারকা।
দ্য নিউ ওয়ার্ল্ড-এ পরিচ্ছন্নতাকর্মীর ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নেদারল্যান্ডসের বিয়াঙ্কা ক্রিজমান।
হিলটন নিউইয়র্কে আয়োজিত ৪২তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে সব মিলিয়ে আটটি দেশ জিতেছে পুরস্কার। এর মধ্যে তিনটি পুরস্কার গেছে যুক্তরাজ্যের দখলে। সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ব্রিটিশ থ্রিলার ইউটোপিয়া। নন-স্ক্রিপটেড এন্টারটেইনমেন্ট বিভাগে পুরস্কার জিতেছে এডুকেটিং ইয়র্কশায়ার।
টেলিনভেলা জিতেছে ব্রাজিলের প্রেশাস পার্ল। অস্ত্রোপচারের মাধ্যমে চেহারা বদলাতে গিয়ে মারা যাওয়া মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসায়ীর জীবনী অবলম্বনে নির্মিত দ্য লর্ড অব দ্য স্কাইস জিতেছে নতুন একটি বিভাগের পুরস্কার। গার্ডিয়ান।