এমিলি, নাকি এমা?

এমা স্টোন নামটা একদমই পছন্দ হচ্ছে না তাঁর। এই নামেই এখন বিশ্বজোড়া খ্যাতি। তাহলে কী হবে, আসল নাম এমিলি জিন স্টোনই তাঁর পছন্দ। ‘এমিলি’কেই ছেঁটে ‘এমা’ করা হয়েছে। কিন্তু লা লা ল্যান্ড তারকা বলছেন, যদি সম্ভব হয়, তিনি ফিরে যাবেন পারিবারিক নামেই।
আসল নামেই ক্যারিয়ার শুরু করেছিলেন এমা। কিন্তু বাদ সাধে অভিনয়শিল্পীদের সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড। তাদের নিয়ম অনুযায়ী, একই নামে দুই শিল্পী থাকা চলবে না। তাতে তো বিভ্রান্তিও হয়। সেটি এড়াতেই এ নিয়ম। এমিলি স্টোন নামে একজন ছিলেন বলে এমাকে নাম বদলাতে হয়েছে।এ নিয়ে আবার আরেক গল্প। শুরুর দিকে তাঁর নাম দেওয়া হয়েছিল রাইলি স্টোন। এমিলির সঙ্গে অনেকটা তো মেলে। সে সময় একটা টিভি সিরিজে কাজ করছিলেন এমা। তখন চারদিক থেকে রাইলি রাইলি শুনে এমার মনে হয়েছিল, ‘রাইলি নামটা বিচ্ছিরি। এই নাম আমার হতে পারে না।’ এরপরই বদলে সেটা করা হয় ‘এমা’।
২৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘বিকল্প নাম হিসেবে এমিলি জে স্টোন নিতে পারতাম। কিন্তু সেটা মাইকেল জে ফক্সের মতো হতো, আর এই জে-এর ভার আমি বইতে পারতাম না। তাই শেষ পর্যন্ত এমা নামটাই নেওয়া হলো। কারণ, এটা এমিলির অনেক কাছের। এখন অবশ্য বেশির ভাগ মানুষ আমাকে “এম” বলে ডাকে। তবে সম্ভব হলে আমি এমিলি স্টোন নামটাই ফিরে পেতে চাইতাম।’ ফিমেলফার্স্ট।