এলিয়েন ভীতি

তেলাপোকা? ঠিক মানায় না। ভূত? কিছুটা চলে, কিন্তু তিনি যে হাঙ্গার গেমস-এর বীর ক্যাটনিস। জেনিফার লরেন্স তাই ভূতপ্রেত, দেওদানো কিংবা তেলাপোকা নয়, সবচেয়ে বেশি ভয় পান এলিয়েনদের। লরেন্সের বিশ্বাস, একদিন ভিনগ্রহের আগন্তুকেরা উড়ুক্কু পিরিচে উড়ে এসে দখল করে নেবে এই পৃথিবী!
হলিউডের রুপালি পর্দায় যেমনটা দেখানো হয়, দৈত্যাকার এলিয়েনদের সঙ্গে মানবজাতির ভীষণ লড়াই হচ্ছে। সেই লড়াইয়ে কখনো কখনো এলিয়েনদেরই একটা ভালো অংশ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে এবং শেষ পর্যন্ত তাতে জয় হচ্ছে মানুষেরই। লরেন্সের অনুমান, বাস্তবে যেদিন সত্যি সত্যি এলিয়েনরা এসে হাজির হবে, হিসাবটা অত সহজ হবে না।
লরেন্স বলেছেন, ‘ইতিহাসে দেখা যায়, যখনই আমরা মুখোমুখি হই, পরস্পরকে মেরে ফেলি। আমার মনে হয় না এলিয়েনরা এমন হবে, “চলো, দোস্তি করে ফেলি।” তারা নিশ্চয়ই আমাদের ধ্বংস করে ফেলতেই চাইবে। কখনো কখনো তো আকাশের দিকে, কোনো তারার দিকে তাকিয়েও আমার ভয় হয়।’ আইএএনএস।