চলে গেলেন 'ডক্টর জিভাগো'র ওমর শরিফ

বিশ্বখ্যাত হলিউড অভিনেতা ওমর শরিফ আর নেই। মিসরে জন্ম নেওয়া এই অভিনেতা আজ শুক্রবার কায়রোর একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
‘লরেন্স অব অ্যারাবিয়া’ এবং ‘ডক্টর জিভাগো’ ছবিতে অভিনয়ের জন্য ওমর শরিফ গোল্ডেন গ্লোব পুরস্কার পান এবং অস্কার পুরস্কারের জন্য মনোনীত হন।
ওমর শরিফের ব্যক্তিগত এজেন্ট বলেছেন, এই অভিনেতা আল ঝেইমারস্ রোগে ভুগছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর হার্ট অ্যাটাক হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।
বিবিসি ও এএফপির খবরে বলা হয়, ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লরেন্স অব অ্যারাবিয়া’র মাধ্যমে প্রথম চলচ্চিত্রপ্রেমী মানুষের নজরে আসেন বিখ্যাত এই অভিনেতা। এ ছবিতে শেরিফ আলি চরিত্রে ওমর শরিফের অনবদ্য অভিনয় তাঁকে তারকাখ্যাতি এনে দেয়। এ ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্বচরিত্রের অভিনয়শিল্পী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। এর তিন বছর পর ১৯৬৫ সালে ‘ডক্টর জিভাগো’ চলচ্চিত্রে অভিনয় করেন ওমর শরিফ। এই দুটি ছবির জন্যই তিনি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
মিসরীয় বংশোদ্ভূত এই শিল্পী আলেকজান্দ্রিয়া শহরের ভিক্টোরিয়া কলেজে পড়েছেন। কায়রো বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ও গণিতে স্নাতক পাস করে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হন। এরপর তিনি চলচ্চিত্রজগতে আসেন।
ওমর শরিফ অভিনীত প্রথম চলচ্চিত্র সিরা ফি ওয়াদি (দ্য ব্লেজিং সান) মুক্তি পেয়েছিল ১৯৫৩ সালে। এ ছবিতে শরিফের বিপরীতে অভিনয় করেন মিসরীয় জনপ্রিয় অভিনেত্রী ফাতেন হামামা। শরিফ ও ফাতেন হামামা ১৯৫৫ সালে বিয়ে করেন। হামামাকে বিয়ে করার সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম বদলে ওমর আল শরিফ রাখেন। ১৯৫৭ সালে ওমর শরিফ ও ফাতেন হামামার মধ্যে বিবাহবিচ্ছেদের পর শরিফ আর বিয়ে করেননি।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি একজন তুখোড় কনট্রাক্ট ব্রিজ খেলোয়াড় হিসেবে শরিফের সুনাম ছিল। সত্তর ও আশির দশকে তিনি ব্রিজ খেলা নিয়ে চিকাগো ট্রিবিউন-এ কলামও লিখেছেন। তিনি ব্রিজ খেলা নিয়ে কয়েকটি বইও লিখেছেন। ১৯৯২ সালে বাজারজাত হওয়া ‘ওমর শরিফ ব্রিজ’ নামে একটি কম্পিউটার গেমও রয়েছে।
ওমর শরিফ অভিনীত বেশ কয়েকটি নন্দিত ছবি হলো দ্য রেইনবো থিফ (১৯৯০), ম্যাকানাস গোল্ড (১৯৬৯), চে (১৯৬৯), ফানি গার্ল (১৯৬৮), দি পিংক প্যান্থার স্ট্রাইকস এগেইন (১৯৭৬) তারই কয়েকটি।