ওয়েব সিরিজে কিয়ানু
অভিনয়ে কিয়ানু রিভসের পথচলা প্রায় চার দশকের। হলিউডে ইতিমধ্যে নিজের জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। `ম্যাট্রিক্স' সিরিজের অন্যতম অভিনেতা তিনি। হলিউডে নিজস্ব পরিচিতির পাশাপাশি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রিভস। ওয়েবের কল্যাণে সিনেমার পাশপাশি এখন টিভি সিরিজ আর ওয়েব সিরিজও দেখছে মানুষ। এবারে এই মাধ্যমেও যুক্ত হলেন রিভস!
স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুর `দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি' সিরিজে দেখা যাবে কিয়ানু রিভসকে। ১৮৯৩ সালে শিকাগোর একটি মেলার ঘটনা নিয়ে এরিক লারসন লেখেন একই নামের এক ইতিহাসভিত্তিক বই। সেটি প্রকাশিত হয় ২০০৩ সালে। সিরিজের কাহিনি এক সিরিয়াল কিলারকে ঘিরে। যৌথভাবে সিরিজটি প্রযোজনা করছেন মার্টিন স্করসেসি ও লিওনার্দো ডিক্যাপ্রিও। দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি বইটি নিয়ে দুজনই ভীষণ উৎসাহী ছিলেন। দুজনই এ বই নিয়ে ছবি করতে চেয়েছিলেন। এবার তাঁরা একত্রে কাজ শুরু করতে যাচ্ছেন।
সিরিজটিতে রিভস কী চরিত্রে অভিনয় করবেন, সেটা এখনো নিশ্চিত নয়। জানা গেছে, বিপরীতমুখী দুটি চরিত্রকে নিয়েই সিরিজের গল্প। একজন স্থপতি ড্যানিয়েল এইচ বার্নহাম, আরেকজন ডাক্তার হেনরি এইচ হোমস। হোমস ছিলেন একজন চিকিৎসক, যাকে বলা হয় বিশ্বের প্রথম সিরিয়াল কিলার। চিকিৎসার আড়ালে ক্রমিক খুনের জন্য ওই মেলাকে কাজে লাগিয়েছিলেন তিনি। আর বার্নহাম ১৮৯৩ সালের ওই বিশ্বমেলার নকশা করেছিলেন।
সম্প্রতি মুক্তি পেল কিয়ানু রিভস অভিনীত `দ্য ম্যাট্রিক্স রেজারেকশন' ছবিটি। যথারীতি বেশ প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। রিভসকে দেখা যাবে `জন উইক: চ্যাপ্টার ফোর' ছবিতেও। `দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি' সিরিজের প্রথম দুই পর্ব পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে টড ফিল্ডকে।