কপাল খুলছে লিন্ডসের!

বেশ কিছুদিন যেন আড়ালেই ছিলেন হলিউডের ‘অঘটনঘটনপটীয়সী’ অভিনেত্রী লিন্ডসে লোহান। আড়ালে থাকলেও মামলার হামলা থেকে মুক্তি মেলেনি তাঁর। কিছুদিন আগে ফ্যাশন বিষয়ক একটি অ্যাপ-এর আইডিয়া চুরির অভিযোগে মামলায় ফেঁসেছিলেন এই অভিনেত্রী। মামলায় অভিযুক্ত হিসেবে লিন্ডসের সঙ্গে আরও আছেন তাঁর ভাই মাইকেল। লিন্ডসের জন্য আশার কথা হচ্ছে— এ মামলায় জয়ের খুব কাছাকাছি এসে পৌঁছেছেন হলিউডের এই ‘মিন গার্লস’ তারকা। আর এই মামলায় জিতলে ক্ষতিপূরণ বাবদ লিন্ডসে ও তাঁর ভাইয়ের পকেটে ঢুকবে মোটা অঙ্কের টাকা। কাজেই, কপাল খুলছে লিন্ডসের।
লিন্ডসে ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটির বিষয়ে জানা গেছে, ফিমা পোটিক নামের একজন অভিযোগ করেছেন, ২০১৩ সাল থেকে এই ফ্যাশন বিষয়ক অ্যাপ তৈরির জন্য তিনি কাজ করছেন। কিন্তু গত বছর লিন্ডসে লোহান ও তাঁর ভাই মাইকেল মিলে তাঁর অ্যাপের বিষয়টি চুরি করেন।
এদিকে, লিন্ডসের আইনজীবী রবি বাত্রা লিন্ডসের বিরুদ্ধে ফিমা পোটিকের এই অভিযোগের প্রেক্ষিতে জানিয়েছেন পর পর তিনটি আদালতে ফিমা প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছেন এবং আদালত অবমাননা করেছেন। তিনি এও জানান, সে (ফিমা পোটিক) কখনোই বিষয়টি প্রমাণ করতে পারবে না।
রবি বাত্রা আরও জানান, ফিমা সব সময় লিন্ডসের কাছাকাছি থাকতে চাইতেন। মামলা করে এরই মধ্যে তিনি কম কালিমা মাখেননি।
এ মামলায় জয়ী হলে লিন্ডসের কপাল আসলেই খুলবে। যেহেতু এ মামলায় জয়ী হলে ক্ষতিপূরণ বাবদ লিন্ডসে লোহান ও তাঁর ভাই মাইকেল পাবেন ষাট মিলিয়ন ডলার। তাই আসলেই খুব দ্রুত কপাল খুলতে যাচ্ছে লিন্ডসে লোহানের। টিএনএন। টিএমজি।