করোনা রোধে ডিক্যাপ্রিওর ৮৫০ কোটি টাকার উদ্যোগ

প্রকল্পের নাম, ‘অল ইন চ্যালেঞ্জ’। উদ্যোক্তা, হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তিনি ঠিক করেছেন, এই প্রকল্পের অধীনে ১০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৫০ কোটি টাকা জড়ো করবেন। ইতিমধ্যে ৫০ কোটি টাকার বেশি জমা হয়েছে এই তহবিলে। এই অর্থ যাবে ‘মিলস অন হুইলস’, ‘ফিডিং আমেরিকা’, ‘নো কিড হাংরি’, ‘আমেরিকাস ফুড ফান্ড’সহ কোভিড–১৯–এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তহবিলে। যাতে যুক্তরাষ্ট্রের প্রতিটি মানুষ এই দুঃসময়ে খেতে পারে। এলেন ডিজেনারেস তাঁর শোতে স্কাইপে লাইভে যোগ দেন ক্যাপ্রিওর সঙ্গে। সেখানেই তিনি এই মহৎ উদ্যোগের ঘোষণা দেন। সঙ্গে যোগ দেন অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো।
‘আপনি যদি খুব ভাগ্যবান হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে এ রকম সুবর্ণ সুযোগ আসতে পারে। তহবিলে আপনি দুই হাজার টাকা বা তার কম দিতেই পারেন। কিন্তু তাহলে আপনি র্যাফেল ড্রর জন্য নির্বাচিত হবেন না। ধরুন, আপনি তহবিলে দুই হাজারের বেশি টাকা দিলেন। র্যাফেল ড্রয়েও ঘুরে ঘুরে আপনার নামটাই উঠল। এরপর তো আপনার চাঁদের হাট। মার্টিন স্করসেসির পরিচালনায় নিরো আর লিও অভিনীত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার শুটিংয়ের সেটে যাবেন, তাঁদের সঙ্গে সেলফি তুলবেন। এই সিনেমার প্রিমিয়ারেও যাবেন।’ ক্যাপ্রিও বললেন। এলেনও এই ফান্ডে অর্থ ঢেলেছেন।
‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিতে একসঙ্গে অভিনয় করবেন ডি নিরো ও ডিক্যাপ্রিও। এতে তুলে ধরা হবে ১৯২০ সালে ওকলাহোমা রাজ্যের উপজাতিদের হত্যার ঘটনা। ডেভিড গ্র্যানের ঐতিহাসিক গ্রন্থ অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবিটির শুটিংয়ে এক দিন সারাবেলা থাকতে পারবেন এই তহবিলের একজন দাতা। এমনকি ছবিটির প্রিমিয়ারেও অংশ নেওয়ার সুযোগ থাকছে তাঁর।

ডিক্যাপ্রিও ম্যাথিউ ম্যাককোনহে ও এলেনকে চ্যালেঞ্জ করেন। রবার্ট ডি নিরো উপস্থাপক জেমি ফক্স ও এলেনকে চ্যালেঞ্জ করেন। এলেন ইতিমধ্যে ডিক্যাপ্রিও ও নিরোর ফান্ডে ৮ কোটি ৫০ লাখ টাকা দিয়েছেন। চ্যালেঞ্জ গ্রহণ করে এলেন বলেন, ‘যে যে এই ফান্ডে তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করে দুই হাজার টাকার বেশি দেবেন, তাঁদের ভেতর বিজয়ী একজন এলেনের শোতে এলেনের সঙ্গে উপস্থাপনা করার সুযোগ পাবেন। সারাদিন স্টুডিওতে “এ” তালিকাভুক্ত তারকাদের সঙ্গে কাটাতে পারবেন। প্রযোজনা শিখতে পারবেন এবং সবশেষে এলেনের গাড়িচালক তাঁকে বাড়ি পৌঁছে দেবেন।’ এভাবে তারকারা তাঁদের ভক্তদের এই ফান্ডে অর্থ দেওয়ার বিনিময়ে নানা সুযোগ পেশ করছেন।
চ্যালেঞ্জ গ্রহণ করে বিল মারে, কেভিন হার্ট, জাস্টিন টিম্বারলেক, জাস্টিন বিবার ও আমেরিকার অনেক ক্রীড়াবিদও বিজয়ী অর্থদাতাদের সঙ্গে সময় কাটাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
বিবার তো বলেই দিয়েছেন, লকডাউন শেষ হলে হুট করে ভাগ্যবান সেই ভক্তের বাড়িতে বেড়াতে যাবেন। বিজয়ী দাতা কেভিন হার্টের পরবর্তী ছবিতে একটা সংলাপ থাকবে এমন একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাবেন। জেনিফার লোপেজের প্রেমিক, সাবেক বেসবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজ বেসবল প্রশিক্ষণের পাশাপাশি দুপুরে একসঙ্গে খাওয়ার সুযোগ দেবেন অর্থদাতাকে।