করোনার মধ্যেও আয় করে তাক লাগিয়ে দিয়েছে যে ১০ ছবি

করোনার কারণে প্রায় দুই বছর ধরে সারা বিশ্বে সিনেমা ব্যবসায় বড় ধরনের ধস চলছে। ডিজনি, প্যারামাউন্ট, সনি পিকচার্সের মতো বড় বড় প্রযোজনা ও ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলো সিনেমা মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে এসেছে। তবে এ বছর থেকে সিনেমা মুক্তির সংখ্যা বাড়তে থাকে। মন্দার মধ্যেও যে ১০টি সিনেমা আয়ে রেকর্ড করেছে, এখানে রইল তার বিবরণী।

মন্দার মধ্যেও আয়ে রেকর্ড করেছে ছবিগুলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে নববর্ষ উপলক্ষে গত ১২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পায় ‘হাই, মম’। ব্ল্যাক কমেডি ধারার এ সিনেমা পরিচালনা করেন অভিনেতা ও নির্মাতা জিয়া লিং। এখন পর্যন্ত ৮২ কোটি ডলার আয় করে চীনা সিনেমাটি শীর্ষ অবস্থান করছে।

বিশ্বব্যাপী আয়ে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিভার্সাল পিকচার্সের ‘এফ ৯: দ্য ফাস্ট সাগা’। ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজসহ তারকাবহুল এ সিনেমা পরিচালনা করেন জাস্টিন লিন। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি মুক্তির ২০ বছর পর এ সিনেমাটি মুক্তি পায়। ২৫ জুন মুক্তির পর গত ৪ মাসে সিনেমাটি ৭১ কোটি ডলার আয় করেছে।

টোকিওতে সংগঠিত ভয়ংকর একটি অপরাধের তদন্ত করতে ট্যাং রেন ও কিন ফেং নামের দুই গোয়েন্দার ডাক পড়ে। শ্বাসরুদ্ধকর গোয়েন্দা ছবি ‘ডিটেকটিভ চায়না টাউন-৩’–এর পরতে পরতে লুকিয়ে আছে নানা রহস্য। ৬৮ কোটি ডলার আয় করে ৩ নম্বরে রয়েছে সিনেমাটি।

চীনা ছবি ‘দ্য ব্যাটল অ্যাট লেক চাংজিন’ ৬৩ কোটি ডলার আয় করে ৪ নম্বরে রয়েছে। ২১ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পায়। তিন নির্মাতা চেন কাইগে, সুই হার্ক ও দান্তে লেম যৌথভাবে এটি পরিচালনা করেছেন। যুদ্ধের এ সিনেমায় এক্সট্রাই ব্যবহার হয়েছে ৭০ হাজার।

অ্যাডাম উইংগার্ড পরিচালিত ‘গডজিলা ভার্সেস কং’ সিনেমাটির টিজার মুক্তির পর থেকেই শুরু হয় উন্মাদনা। করোনার মধ্যে সিনেমাটির মুক্তি নিয়ে দোটানায় ছিল ওয়ার্নার ব্রস। গত ৩১ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটি ৪৬ কোটি ডলার আয় করে ৫ নম্বরে রয়েছে।

সুপার হিরোকেন্দ্রিক মারভেল কমিক ‘শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ ৪০ কোটি ডলার আয় করে সেরা আয়ের দিক থেকে ৬ নম্বরে অবস্থান করছে। সিনেমার বাজেট ছিল প্রায় ২০ কোটি ডলার। সিনেমাটি পরিচালনা করেন ডাস্টিন ড্যানিয়েল ক্রেটন।

‘ব্লাক উইডো’ সিনেমার বাজেট ছিল ২০ কোটি ডলার। ৮ জুলাই মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে। ওয়াল্ট ডিজনির স্টুডিও মোশন পিকচারের সিনেমাটির এখন পর্যন্ত আয় ৩৭ কোটি ডলার। মার্ভেল কমিকসের সিনেমাটি পরিচালনা করেন কেট শর্টল্যান্ড।

সম্প্রতি আশা জাগিয়েছে জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা ‘নো টাইম টু ডাই’। মুক্তির তিন সপ্তাহ না পেরোতেই বিশ্বব্যাপী আয়ে এটি ৮ নম্বরে উঠে এসেছে। সপ্তাহের আয়েও রেকর্ড করেছে। প্রায় ১ লাখ ভোট পেয়ে সিনেমাটির আইএমডি রেটিং ৭.৬। সিনেমাটি প্রধান আকর্ষণ ডেনিয়েল ক্রেইগ।

আমেরিকান সায়েন্স ফিকশন এবং কমেডি ধারার সিনেমা ‘ফ্রি গাই’। বাজেটের চেয়ে তিনগুণ আয় করে সিনেমাটি এখন পর্যন্ত আয়ের দিকে ৯ নম্বরে আছে। বিশ্বব্যাপী আয় করেছে ৩২ কোটি ৭০ লাখ ডলার। এটি পরিচালনা করছেন শন লেভি। ১৩ আগস্ট সিনেমাটি মুক্তি পায়।

ড্রামা, হরর এবং সায়েন্স ফিকশনের মিশেল ‘আ কোয়ায়েট প্লেস পার্ট টু ’। গত বছরের ৮ মার্চ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পরায় সেই সময় ছবিটির মুক্তি বাতিল হয়। এ বছরের ২৮ মে আবার বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়া হয়। ৫ কোটি ৫০ লাখ ডলারের এ সিনেমাটি ২৯ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে। প্যারামাউন্ট পিকচারের এ সিনেমাটি পরিচালনা করেছেন জন ক্রাসিনস্কি।