কাঁদছে হলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসেস ডাউটফায়ার, গুড উইল হান্টিং, ম্যান অব দ্য ইয়ার, নাইট অ্যাট দ্য মিউজিয়াম, দ্য বাটলার
মিসেস ডাউটফায়ার, গুড উইল হান্টিং, ম্যান অব দ্য ইয়ার, নাইট অ্যাট দ্য মিউজিয়াম, দ্য বাটলার

হলিউড কাঁদছে। কাঁদছে হোয়াইট হাউস। শোকের মিছিলে সিসেম স্ট্রিট। কাঁদছে আলাদিনের ‘জিনি’। কাঁদছে রহস্যে ঘেরা সেই জাদুঘরের সব বাসিন্দাই। শোকবিহ্বল সবার প্রশ্ন, রবিন উইলিয়ামস, এ আপনি কী করলেন!
সফল ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ ছিলেন। গুড উইল হান্টিং, ইনসোমনিয়া র মতো সিরিয়াস ঘরানার ছবি করলেও আকর্ণবিস্তৃত শিশুর মতো সরল হাসিটাই ছিল তাঁর আসল পরিচয়। সেই উইলিয়ামস ভক্তদের হাসিটুকু কেড়ে নিয়ে চলে গেলেন চিরঘুমের দেশে। পরশু সোমবার ৬৩ বছর বয়সী এই মার্কিন অভিনেতাকে ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। উইলিয়ামস আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
এই খবরে চমকায়নি—এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন। শোকবিহ্বল খোদ বারাক ওবামা। এক শোকবার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘কী ছিলেন না রবিন উইলিয়ামস! তিনি ছিলেন বৈমানিক, চিকিৎসক, এমনকি দৈত্য, কখনো আয়া, কখনো প্রেসিডেন্ট, অধ্যাপক, পিটার প্যান! কিন্তু তিনি একজনই। তিনি “ভিনগ্রহের আগন্তুক” হয়ে আমাদের কাছে এসেছিলেন। তিনি আমাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন।’

রবিন উইলিয়ামস
রবিন উইলিয়ামস

মায়ের কাছে দাদির অঙ্গভঙ্গি নকল করে যে অভিনয়ের যাত্রা শুরু, সেটাই সত্তরের দশকের শেষাশেষি আলোচনায় নিয়ে এসেছিল তাঁকে। টিভি সিরিজ মর্ক অ্যান্ড মাইন্ডি দিয়ে ক্যারিয়ারের উত্থান ১৯৫১ সালে শিকাগোতে অখ্যাত মায়ের কোলে জন্ম নেওয়া উইলিয়ামসের। সেটাই তাঁকে, তাঁর ক্যারিয়ারকে ঠেলে দেয় বিখ্যাত হওয়ার পথে। সেই সিরিজে উইলিয়ামসের সহ-অভিনেতা প্যাম ডবার এই শোক সংবাদে যেন ভাষাহীন, ‘আমি একেবারেই বিধ্বস্ত। আর কী বলব!’
ক্যারিয়ারের ব্যস্ততা এই পড়ন্ত বেলায়ও কমেনি। ব্যবসাসফল ছবি নাইট অ্যাট দ্য মিউজিয়াম-এর তৃতীয় পর্বে আবারও থিয়োডর রুজভেল্টের চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রযোজনা সংস্থা ফক্স তাদের শোকবার্তায় বলেছে, উইলিয়ামস আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না, এটা যেন অভাবিত!
আর তাই গুডমর্নিং ভিয়েতনাম, ডেড পোয়েটস সোসাইটি, মিসেস ডাউটফায়ার, বার্ডকেজ-এর মতো ছবিগুলোতে দুর্দান্ত অভিনয় করা সেই মানুষটি যে অতীত, এটা মানতেই পারছে না হলিউড। হলিউড তারকারা টুইটারে নিজেদের শোকের কথা জানাচ্ছেন। অতিসংক্ষেপ, কিন্তু প্রতিটি বার্তায় উপচে পড়ছে শোকের স্রোত। অসংখ্য সেই টুইটের মধ্যে জ্যাক অসবার্নের টুইটটি যেন সবার হয়ে আসল কথাটাই বলে দিয়েছে, ‘চিরদিন আপনার অভাব আমরা বোধ করব। এত লম্বা সময় ধরে আমাদের হাসানোর জন্য ধন্যবাদ!’