কাঁদিয়েই চলে গেলেন হাসির রাজা

‘ডোন্ট ওরি, বি হ্যাপি’! নব্বইয়ের দশকে ববি ম্যাকফেরিন তাঁর সেই তোলপাড় ফেলে দেওয়া গানটির ভিডিওটি বানানোর জন্য দ্বারস্থ হয়েছিলেন রবিন উইলিয়ামসের। গানের যে কথা, সেটির দৃশ্যায়ন উইলিয়ামসকে ছাড়া যে অসম্ভব!
জীবনের সব উদ্বেগ, বিষণ্নতা, না-পাওয়ার জটিল সমীকরণ যে খুব সহজেই একটা হাসি দিয়ে মিলিয়ে দেওয়া যায়, সেটা তো তিনিই শিখিয়েছেন। সিএনএন লিখেছে, পুরো আমেরিকাকে তিনিই হাসতে শিখিয়েছিলেন। আমেরিকা কেন, উইলিয়ামসের হাসি দেশের গণ্ডি ছাড়িয়েছে সেই কবে। কিন্তু সেই হাসির রাজার নিষ্পাপ হাসিটির আড়ালে যে গাঢ় বিষাদ লুকিয়ে আছে, কেউ জানত না।
বিষাদের কাছে, হতাশার কাছে হার মেনে চলে গেলেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামস। পরশু সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে মৃত অবস্থায় আবিষ্কার করা হয় তাঁকে। ৬৩ বছর বয়সী এই কৌতুক অভিনেতা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়।
ভাবতে অবাক লাগে, যে গুড উইল হান্টিং ছবির জন্য অস্কার জিতেছিলেন, যে ছবিতে খ্যাপাটে অধ্যাপক উইলিয়ামস এই দর্শন ছড়িয়েছিলেন, পৃথিবীর কানকথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচো; সেই তিনিই চলে গেলেন ক্লান্তির বোঝা আর বইতে না পেরে!
উইলিয়ামসের মুখপাত্র মারা বুক্সবাম সংক্ষিপ্ত বিবৃতিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের এই মানুষটির মৃত্যুসংবাদ নিশ্চিত করে বলেছেন, ‘আজ সোমবার সকালে রবিন আমাদের ছেড়ে চলে গেছেন। গত কিছুদিন ধরে তিনি মারাত্মক হতাশায় ভুগছিলেন। এটা আমাদের জন্য আকস্মিক ও বেদনাদায়ক এক ক্ষতি। উইলিয়ামসের পরিবার এই গভীর শোকাবহ সময়টায় একটু একা থাকার নিশ্চয়তা চেয়েছেন।’
হতাশা? কিন্তু কিসের? সেটি কি পেশাগত? নাকি পারিবারিক? এমন তো নয়, বুড়ো হয়ে গেছেন বলে কদর কমেছে। বরং অস্কার ছাড়াও চারটি গোল্ডেন গ্লোব, দুটো এমি অ্যাওয়ার্ড, দুটো স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আর পাঁচটি গ্র্যামি জেতা এই তুখোড় অভিনেতার মুক্তির অপেক্ষায় আছে চার-চারটি ছবি। ব্যক্তিগত জীবনের হতাশার খবরও আগে মেলেনি। বরং কদিন আগে ইএসএ টুডেকে বলেছিলেন, বেশ সুখেই কাটছে তাঁর জীবন।
উইলিয়ামসের স্ত্রী সুসান বলেছেন, ‘এই সকালে যখন সারা বিশ্ব তাদের সবচেয়ে প্রিয় শিল্পী আর অসাধারণ একটা মানুষকে হারিয়েছে; সে সময় আমি হারালাম আমার স্বামী, আমার সবচেয়ে কাছের বন্ধুটিকে।’
ক্যালিফোর্নিয়ার মেরিন কাউন্টি শেরিফের অফিস থেকে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুরে উইলিয়ামসকে তাঁর বাসায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সে সময় তিনি শ্বাসও নিচ্ছিলেন না। থমকে ছিল হৃদ্স্পন্দন। পরে দ্রুত পরীক্ষা করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে কাউন্টির ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন শ্বাসরোধের কথা। এর থেকে ধারণা করা হয়, উইলিয়ামস সম্ভবত গলায় ফাঁস নিয়েছিলেন।
অথচ গত ৩১ জুলাইও মেয়ে জেলডার ২৫তম জন্মদিনে মেয়ের সঙ্গে তাঁর বহু আগের ছবি পোস্ট করে টুইটারে লিখেছিলেন, ‘সিকি শতাব্দী হয়ে গেল তোর বয়স, কিন্তু তুই আমার কাছে সেই ছোট্টটিই।’ জেলডা কল্পনাও করেননি, এটাই বাবার কাছ থেকে তাঁর শেষ শুভেচ্ছা বার্তা!
ধারণা করা হচ্ছে, মাদক আর স্বাস্থ্যগত সমস্যার কাছেও হার মেনে থাকতে পারেন। কয়েক দশক ধরেই মাদকাসক্তির সঙ্গে উইলিয়ামস লড়ছিলেন। কিন্তু এটিকে পাত্তা দিতে চাননি। অবশেষে এত দিন পরে এসে মাত্র গত মাসে মিনোসোটার একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে যান। সেখানেই তাঁর কয়েক সপ্তাহ থাকার কথা ছিল।
ফিরে আসার কথা ছিল সুস্থ-স্বাভাবিক হয়ে; মানুষকে এত দিন ধরে বোকা বানিয়ে আসা তুখোড় অভিনেতার বানোয়াট নয়, সত্যিকারের হাসির জীবনে।
কিন্তু উইলিয়ামস হয়তো ভাবলেন, শুধু কমেডি কেন, জীবনের গল্পটাতে একটু ট্র্যাজেডিও তো থাকা দরকার!
(সূত্র: সিএনএন, বিবিসি অনলাইন)