কাজের ব্যস্ততায় ভেঙে গেল প্রেম!

কাজের ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত ভেঙেই গেল অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ও ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টের প্রেম। গত বছর অল্প কিছুদিনের জন্য বিচ্ছেদের পথে হাঁটলেও ফের একে অন্যের জীবনে ফিরে এসেছিলেন লরেন্স ও হল্ট। কিন্তু সম্প্রতি আবারও বিচ্ছেদের পথে হাঁটায় খবরের শিরোনামে এসেছে এ তারকা জুটির নাম।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ইউএস ম্যাগাজিন জানিয়েছে, গত মে মাসে মুক্তি পাওয়া ‘এক্স-মেন: ডেজ অব ফিউচার পাস্ট’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন লরেন্স ও হল্ট। ছবিটির কাজ শেষ হওয়ার পর যে যাঁর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। বিশেষ করে লরেন্স তাঁর পেশাগত কাজ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েন যে, প্রেমিককে একদমই সময় দিতে পারছিলেন না। কাজের ব্যস্ততার কারণে বড় একটা সময় ধরে একে অন্যের কাছ থেকে দূরে থাকতে হয়েছে তাঁদের। মূলত এ কারণেই তাঁদের প্রেম ভেঙে গেছে।
চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাত্কারে ২৩ বছর বয়সী লরেন্স জানিয়েছিলেন, কাজের ব্যস্ততা কীভাবে তাঁদের ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। সর্বশেষ গত মে মাসে একসঙ্গে ক্যামেরাবন্দী হন লরেন্স ও হল্ট। এরপর আর তাঁদের একসঙ্গে দেখা যায়নি।
এদিকে সম্প্রতি ২৪ বছর বয়সী নিকোলাস হল্টকে ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে দেখা গেছে জাপানের টোকিওতে। উল্লেখ্য, ‘ইকুয়ালস’ ছবিতে জুটি হিসেবে দেখা যাবে ক্রিস্টেন স্টুয়ার্ট ও নিকোলাস হল্টকে। ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালে।