কান উৎসবের পোস্টার উন্মোচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান উৎসবের নতুন পোস্টার
কান উৎসবের নতুন পোস্টার

এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টার উন্মোচিত হলো। ৭০তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টারে দেখা গেছে ইতালিয়ান অভিনেত্রী ক্লাউডিয়া কার্ডিনালেকে। পোস্টারে ৬০ ও ৭০ দশকের এই অভিনেত্রীকে হাস্যোজ্জ্বল এক ভঙ্গিতে দেখা গেছে।
কান চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ১৭ মে। ফ্রান্সের কান শহরে উৎসব চলবে ২৮ মে পর্যন্ত।
নতুন পোস্টারে নিজের ছবি দেখে কিংবদন্তি এই অভিনেত্রী দারুণ উচ্ছ্বসিত। ৭৮ বছর বয়সী ক্লাউডিয়া একটি বিবৃতিতে বলেন, ‘আমি গর্বিত ও সম্মানিত ৭০তম কান চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিকতার অংশ হতে পেরে।’ সেই বিবৃতিতে এই অভিনেত্রী জানান, পোস্টারে আসা তাঁর হাস্যোজ্জ্বল ছবিটি রোম শহরের একটি বাড়ির ছাদে ১৯৫৯ সালে তোলা। তিনি অনেক চেষ্টা করেও ছবিটির আলোকচিত্রীর নাম মনে করতে পারেননি। তবে তিনি বলেন, ‘এই ছবি আমাকে আমার শিকড়ের কথা মনে করিয়ে দেয়। সেই সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন আমি স্বপ্নেও ভাবতে পারতাম না যে, একদিন বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র উৎসবের প্রতীক হবে আমার ছবিটি।’

আগামী ১৩ এপ্রিল এ বছরের কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়াই করা চূড়ান্ত ছবিগুলোর নাম জানা যাবে। হলিউড রিপোর্টার