কান চলচ্চিত্র উৎসবে শর্টফিল্ম কর্নারের রায়ান এখন উৎসবের মধ্যমণি

কাগজ-কলম বাড়িয়ে দিয়ে অটোগ্রাফ চাইতেই রায়ান কুগলার বললেন, ‘আমি সাদা কাগজে সই করি না!’ গোমড়া মুখে উল্টো পথে হাঁটা শুরু করতেই পেছন থেকে ডাক আসে। ঘুরে তাকাতেই দেখা যায়, হলিউড ছবি ‘ব্ল্যাক প্যান্থার’ নির্মাতা রায়ান বলছেন, ‘কাগজ আর কলমটা দিন।’
ঠাট্টা করেছিলেন। অটোগ্রাফের সঙ্গে লিখলেন ‘ওয়াকান্ডা ফরএভার’। পরনের শাড়ির দিকে তাকিয়ে রায়ান প্রশ্ন করেন, ‘তুমি কোত্থেকে এসেছ?’ বললাম, ‘বাংলাদেশ।’ একটু হেসে রায়ান এবার এগিয়ে গেলেন সেলফি-শিকারিদের দিকে।
এই ঘটনা গত বৃহস্পতিবারের। কানের স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ থেকে শুরু হয় ‘রঁদেভু উইথ রায়ান কুগলার’ মাস্টারক্লাসটি। ৭১তম কান আন্তর্জাতিক উৎসবে চারটি মাস্টারক্লাস, প্রথমটি রায়ানের। আফ্রো-মার্কিন এই নির্মাতার সফল ছবি ব্ল্যাক প্যান্থার গত বুধবার রাতে দেখানো হয় কানের সমুদ্রসৈকতে। আর মাস্টারক্লাসটি হলো উৎসবের প্রধান কেন্দ্র পালে দো ফেস্তিভালের স্যালে বুনুয়েলে।
মাস্টারক্লাসটি সঞ্চালনা করেন মার্কিন সমালোচক ও সাংবাদিক এলভিস মিচেল। আয়োজন শুরুর আগে উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো রায়ানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন দর্শকদের সামনে। রায়ান তাঁর এই মাস্টারক্লাসে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন। তাঁর ভাষায়, ‘এ উৎসব চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করা একজন শিক্ষার্থীর জীবন বদলে দেওয়ার মতো অভিজ্ঞতা। আমার বেলায় কিন্তু তা-ই হয়েছে।’ ছাত্রজীবনের কথা মনে করে রায়ান জানান, তিনিও জীবনের প্রথম বিদেশভ্রমণে এসেছিলেন এই উৎসবে যোগ দিতে।
এই নির্মাতা বছর ছয়-সাত আগেও এই উৎসবের স্বল্পদৈর্ঘ্য ছবির বিভাগে অংশ নিয়েছিলেন। জীবনের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ফ্রুটভেল ২০১৩ সালে কান উৎসবের আঁ সারতেঁ রিগার বিভাগে অংশ নেয়। জেতে সেরা প্রথম ছবির পুরস্কার। সেই নবীন নির্মাতা পাঁচ বছর পর উৎসবের অন্যতম মধ্যমণি।
মাস্টারক্লাস ছিল কানায় কানায় পূর্ণ। বিকেল সোয়া চারটায় শুরু হবে জেনেও বেলা দুইটা থেকে স্যালে বুনুয়েলের বাইরে লাইন ধরতে শুরু করেন দর্শক। শুরুতেই উঠে আসে ব্ল্যাক প্যান্থার প্রসঙ্গ। এ ছবি দিয়ে তিনি হয়েছেন সর্বোচ্চ উপার্জনকারী কৃষ্ণাঙ্গ নির্মাতা। তা ছাড়া মারভেল সিনেমাটিক ইউনিভার্সের সর্বকনিষ্ঠ নির্মাতাও তিনি।
এরও আগে রায়ান কুগলারের আরেকটি সফল ছবি আছে, ক্রিড। সিলভেস্টার স্ট্যালন অভিনীত কালজয়ী ‘রকি’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি এটি। এটি দিয়ে হলিউডের মূলধারার ছবিতে নাম লেখান কুগলার। ক্রিডও সাড়া ফেলেছিল বক্স অফিস, বোদ্ধামহলে।
ক্রিড নিয়ে মাস্টারক্লাসে রায়ান বলেন, ছেলেবেলায় তিনি ফুটবল খেলতেন। যখন কোনো বড় ম্যাচ থাকত, তখনই বাবা তাঁকে সাহস জোগাতে দেখাতেন ‘রকি’ সিরিজের ছবিগুলো। সেই রায়ানই যখন ক্রিড পরিচালনা করেন, সেটা তাঁর ও পরিবারের জন্য ছিল এক অভাবনীয় ব্যাপার।
ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর দিনের কথা এখনো মনে পড়ে রায়ানের। বললেন, ‘অদ্ভুত দিন ছিল সেটা। মা-বাবাসহ পরিবারের যত বয়স্ক ব্যক্তি আছেন, সবাই ছিলেন। সবাই ‘রকি’ সিরিজের ভক্ত। দিনটা কেটেছে বয়োজ্যেষ্ঠদের হুইলচেয়ার ঠেলতে ঠেলতে। ইন্টারভিউ দিতে সাংবাদিকেরা ডাকছিলেন, আর আমি হুইলচেয়ার ঠেলতে ঠেলতে বলেছি, আমাকে একটু সময় দাও। আমি একটু পর আসছি!’
তাঁরা কেন কানে?
অনেকের কাছেই মনে হয়, কান উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন কিংবা সোনম কাপুরের কতই না প্রভাব! লালগালিচায় তাঁরা হেঁটে গেলে বুঝি চলচ্চিত্র দুনিয়ার বাঘা বাঘা মানুষও রাস্তা ছেড়ে দেন। ধারণা করি, তাঁরা কানের রাস্তায় নামলে গাড়ি থেমে যায়, মানুষ তাকিয়ে থাকে অবাক বিস্ময়ে! কিন্তু আদতে চিত্রটা এমন নয়।
বলিউড তারকারা কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটেন নিজের পরিচয়ের প্রভাবে নয়, বরং কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের দূত হিসেবে। কাঠখোট্টা ভাষায় বলা যায়, লালগালিচায় তাঁরা একেকজন জলজ্যান্ত বিলবোর্ড!
গত বৃহস্পতিবার রাতে ৭১তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটলেন বলিউডের দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রনৌত। দীপিকা গতবারের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে প্রতিনিধিত্ব করবেন প্রসাধন ব্র্যান্ড ল’রেলের। একই অবস্থা অভিনেত্রী কঙ্গনা রনৌতেরও। তিনি কানে প্রতিনিধিত্ব করবেন একটি পানীয় ব্র্যান্ডের (গ্রে গুজ)। কঙ্গনার সঙ্গে একই পণ্যের প্রচারদূত হিসেবে কানে গেছেন আরেক বলিউড অভিনেত্রী হুমা কুরায়েশিও। এদিকে ১৭ তম বারের মতো আবার ল’রেল প্যারিসের হয়ে কানের লালগালিচায় হাঁটতে কানে পৌঁছেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
এই তারকারা কি কানে পণ্যের প্রচারের বাইরে আরও কোনো কাজ করেন? ঘুরে দেখেন নিজ দেশের প্যাভিলিয়ন? প্রশ্নটা করেছিলাম কানের ফিল্ম মার্কেটে ভারতের প্যাভিলিয়নে থাকা এক কর্মকর্তাকে। তিনি নাম প্রকাশ না করার অনুরোধে জানালেন, তারকারা যে পণ্যের প্রচারদূত হয়ে কানে আসেন, তাদের পরিকল্পনামাফিকই চলেন। এর বাইরে কোথাও যান না। এমনকি নিজ দেশের প্যাভিলিয়ন কিংবা স্টলও ঘুরে দেখেন না।
তাহলে তাঁরা কী করেন? গত তিন দিনে কানের বিভিন্ন মাধ্যমে ভারতীয় এই তারকাদের খোঁজ নিয়ে জানা যায়, নির্দিষ্ট কিছু ছবির উদ্বোধনীর পাশাপাশি তাঁরা অংশ নিচ্ছেন প্রতিনিধিত্ব করা প্রতিষ্ঠানগুলোর আয়োজিত অনুষ্ঠানে। যেমন দীপিকা ও ঐশ্বরিয়াকে দেখা যেতে পারে ল’রেল প্যারিস আয়োজিত সাত দিনের বিশেষ একটি অনুষ্ঠান ‘দ্য ওর্থ ইট শো’-এ। সাত দিনব্যাপী ল’রেল কানের মার্টিনেজ বিচে চলচ্চিত্র, সৌন্দর্য ও নারী ক্ষমতায়ন নিয়ে নানা আয়োজন করেছে। তা ছাড়া লালগালিচায় হাঁটা এই অভিনেত্রীরা স্থানীয় পত্রিকা, সাময়িকী ও বিভিন্ন গণমাধ্যমের ফটোশুটেও অংশ নেবেন। সাক্ষাৎকার দেবেন, পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কথা বলবেন সবখানে। এসবই করবেন তাঁরা, শুধু চলচ্চিত্র উৎসবে এসে সিনেমাটা দেখাই হবে না।