কানিয়ে ওয়েস্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে
ইনস্টাগ্রাম

মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। দ্য ডেইলি শোর সঞ্চালক ট্রেভর নোয়াকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমূলক পোস্ট দেওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। নোয়াকে অপমান করে পোস্ট দেওয়ায় ২৪ ঘণ্টার জন্য এই তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। নোয়ার আরেক পরিচয়, তিনি কানিয়ের সাবেক স্ত্রী কিম কার্ডাশিয়ানের বর্তমান প্রেমিক মার্কিন কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে লেখালেখি করেন।

দ্য ডেইলি শোর সঞ্চালক ট্রেভর নোয়াকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমূলক পোস্ট দিয়েছেন কানিয়ে
ইনস্টাগ্রাম

কানিয়ের পোস্টগুলোকে ঘৃণা, হয়রানিমূলক ও বুলিং-সংক্রান্ত নীতির লঙ্ঘন হিসেবে দেখছে ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা, জানিয়েছে টিএমজি। কানিয়ে তাঁর ওই পোস্টে নোয়াকে এমন একটি শব্দ ব্যবহার করে আক্রমণ করেছেন, যেটি কৃষ্ণাঙ্গদের কটাক্ষ করতেই ব্যবহার করা হয়। কানিয়ে ওয়েস্টের সঙ্গে কিম কার্ডাশিয়ানের বিচ্ছেদের পর নানা ঘটনাই সামনে আসছে এই র‍্যাপারকে ঘিরে।

এই পোস্টের পরে নোয়া এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন কানিয়ের পোস্টকে নিয়ে। সেই পোস্টের একটি অংশে নোয়া লিখেছেন, ‘তুমি আমার জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ ইয়ে (কানিয়ে ওয়েস্ট), যে কারণে তোমার এ আচরণে আমার মনটা ভেঙে গেছে। তুমি ট্রাম্পকে পছন্দ করলে কিংবা পিটকে যা-তা বললেও আমার কিছু যায়-আসে না। কিন্তু যখন তোমাকে বিপদে পড়তে বা কষ্ট পেতে দেখি, তখন আমার কিছু যায়-আসে।’
কিম কার্ডাশিয়ান ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিচ্ছেদের আবেদন করেন। ২০২২ সালের ২ মার্চ ঘোষণা করেন, তিনি এখন একা। কানিয়ে ওয়েস্ট বিভিন্ন সময় সবার সামনে কিমের সঙ্গে ফের সংসারে ফেরার আহ্বান করেছেন। তাঁরা চার সন্তানের মা-বাবা।

কানিয়ে প্রায়ই কিমের বর্তমান প্রেমিক পিট ডেভিডসনকে ইনস্টাগ্রামে আক্রমণ করেন। কিম কার্ডাশিয়ান ও পিট ডেভিডসন গত বছরের অক্টোবরে প্রেম শুরু করেন। সম্প্রতি ইনস্টাগ্রামে দুজনের ছবি দিয়ে নিজেদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দেন কিম কার্ডাশিয়ান।

২০২২ সালের ২ মার্চ কিম ঘোষণা করেন, তিনি এখন একা
ইনস্টাগ্রাম