কানে আগের বছরের পুরস্কার নিলেন মুর

এক বছর আগে কান চলচ্চিত্র উৎসব থেকে পাওয়া সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করলেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী জুলিয়ান মুর। এ বছর ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন ফরাসি অভিনেতা ল্যাম্বার্ট উইলসন।
জুলিয়ান মুরের জীবনে ২০১৪ সালটা ইতিহাস হয়েই থাকবে বলা যায়। একই বছরে আলোর মুখ দেখা দুটি ভিন্ন ভিন্ন ছবির জন্য অস্কার ও কানের মতো আসর থেকে সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার সৌভাগ্য হয় কয়জনের! মুরের হয়েছে।
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘স্টিল অ্যালিস’ ছবির নাম ভূমিকায় অভিনয় করে ৮৭তম অস্কার আসর থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন মুর। এর আগে ২০১৪ সালের ১৯ মে কান চলচ্চিত্র উৎসবে মুর অভিনীত ‘ম্যাপস টু দ্য স্টারস’ ছবির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবিটিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি দিতে গত বছর কান আসর থেকে সেরা অভিনেত্রী হিসেবে মুরের নাম ঘোষণা করা হয়। কিন্তু কান আসরে গিয়ে পুরস্কারটি নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ঠিকই পুরস্কারটি তাঁর হাতে তুলে দেওয়া হলো। তবে এক বছর পর। জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।
গত বুধবার অনুষ্ঠিত ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহণ করেন জুলিয়ান মুর। সোনা খচিত ট্রফিটি তৈরি করেছে সুইজারল্যান্ডভিত্তিক বিলাসবহুল ঘড়ি ও গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান শপার্ড।