কানে আবার ঐশ্বরিয়া, আরাধ্য ও দেবদাস

‘আরাধ্য’ নামটা এখন সবার কাছে পরিচিত। তারকা সন্তান বলা যায় তাঁকে। সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ে কিনা। দাদা-দাদি তো আছেনই—অমিতাভ আর জয়া বচ্চন। খবরের শিরোনাম হতে দেরি হয় না ৫ বছর বয়সী আরাধ্যর। এখন খবর—আবার মায়ের সঙ্গে ফরাসি দেশের কান শহরে যাচ্ছে ছোট্ট বচ্চন। এর আগে ২০১২ সালে প্রথম কানে যাওয়া হয় তাঁর। এরপর থেকে নিয়মিত মায়ের সঙ্গে কানে তার যাওয়া-আসা।
কান চলচ্চিত্র উৎসবের জন্যই মা-মেয়ের কানে যাওয়া। ঐশ্বরিয়া এবার ১৫তম বারের মতো ৭০তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে ঐশ্বরিয়ার নিয়মিত কান-দর্শন হয়। ২০০২ সালে প্রথম ঐশ্বরিয়া যখন কান চলচ্চিত্র উৎসবে যান তখন সেখানে তাঁর অভিনীত ‘দেবদাস’ ছবিটি দেখানো হয়েছিল। পনেরো বছর পর আবার একই ছবি নিয়ে কানে যাচ্ছেন ঐশ্বরিয়া। দ্বিতীয়বারের মতো ‘দেবদাস’ দেখা যাবে কানের পর্দায়।
ঐশ্বরিয়া গতকাল রাতে মেয়েকে নিয়ে কানের উদ্দেশে ভারত ছেড়েছেন। ১৯ ও ২০ মে উপস্থিত থাকবেন উৎসবে। টাইমস অব ইন্ডিয়া, বলিউড মন্ত্র।