কার কণ্ঠ শোনা যায়?
২০০১ সাল থেকে অস্কার একাডেমি কর্তৃপক্ষ সেরা অ্যানিমেটেড ছবিকে পুরস্কৃত করার জন্য নতুন বিভাগ চালু করে। প্রথমবার এই বিভাগে পুরস্কার পায় ‘শ্রেক’। তবে অন্যান্য সাধারণ ছবির সঙ্গে ১৯৯১ সালে প্রথম কোনো অ্যানিমেটেড ছবি অস্কারে মনোনয়ন পেয়েছিল। ছবিটা ছিল ডিজনির ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। হলিউডের অ্যানিমেটেড ছবিগুলো সত্যিকার মনে না হলেও দারুণ দর্শকপ্রিয়তা পায়, এগুলোর পুরস্কারের তালিকা দেখলেই তা বলে দেওয়া যায়। কিছু চরিত্র তো মনের মধ্যে এমনভাবে গেঁথে যায় যেন রং–তুলিতে আঁকা ওই কার্টুন চরিত্রটি একদম বাস্তব! কাল্পনিক চরিত্রগুলোও পারে দর্শককে হাসাতে, কাঁদাতে। আর এই চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করেন অভিনয় তথা কণ্ঠশিল্পীরা। ‘মিসেস ডাউটফায়ার’ দেখেছেন? দেখলেই বুঝতে পারবেন রবিন উইলিয়ামসের কার্টুন চরিত্রে কণ্ঠ দেওয়ার কাজটা চাট্টিখানি কথা ছিল না। আপনি হয়তো নিজেই বলবেন, ‘এই লোক চরম প্রতিভাবান!’
দেখুন তো, আপনার জানা প্রিয় অ্যানিমেটেড চরিত্রগুলোতে কারা কণ্ঠ দিয়েছেন।

‘হোটেল ট্রানসিলভানিয়া’র ড্রাকুলা
‘ব্ল্যাহ...ব্ল্যা ব্ল্যাহ...’ সংলাপটা মনে হয় আর কেউ দিতে পারত না অ্যাডাম স্যান্ডলারের মতো। ‘হোটেল ট্রানসিলভানিয়া’র ড্রাকুলা চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। হলিউডে কৌতুক অভিনেতা হিসেবে তো তাঁর জুড়ি নেই। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘হোটেল ট্রানসিলভানিয়া’ অস্কারে ঠাঁই না পেলেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

‘ফ্রোজেন’ থেকে ওলাফ
একটা তুষারমানব কি কখনো কথা বলতে পারে? এমন অসম্ভবটা সম্ভব করেছেন যশ গ্যাড। ‘ফ্রোজেন’ ছবির তুষারমানব ওলাফের চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০১৩ সালে অস্কার পায় ছবিটি।

‘কুংফু পান্ডা’ ছবির সেই পান্ডা
অস্কার না জিতলেও মনোনয়নের তালিকায় ছিল ‘কুংফু পান্ডা’র প্রথম দুটি কিস্তি। পছন্দের ছবিটির জনপ্রিয় চরিত্র নাদুসনুদুস পান্ডার সঙ্গে মনে হয় পরিচালক জ্যাক ব্ল্যাকের বেশ মিল পেয়েছেন। পান্ডার কণ্ঠটি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন জ্যাক।

যে ছিল ডোরি
এলেন ডিজেনারস কমেডির সাগরে সাঁতার কাটতে কাটতে অ্যানিমেশনের জগতেও যোগ দিয়েছেন। ‘ফাইন্ডিং নিমো’ এবং ‘ফাইন্ডিং ডোরি’ ছবিতে ডোরি চরিত্রে সাঁতার কেটেছেন, মানে কণ্ঠ দিয়েছেন তিনি।

‘মোয়ানা’র মাওয়ি
শিল্পী কি ডোয়াইন জনসনকে দেখে মাওয়িকে এঁকেছিলেন, নাকি মাওয়িকে আঁকার পর পরিচালকের মনে হলো এই চরিত্রে ডোয়াইন জনসন উপযুক্ত? এমন প্রশ্নের উত্তর জানা না থাকলেও এতটুকু নিশ্চিত যে ‘মোয়ানা’ ছবির চরিত্র ডেমি গড মাওয়িকে ফুটিয়ে তুলেছেন হলিউড তারকা ডোয়াইন ‘দ্য রক’ জনসন। আর ছবিতে মাওয়িকেও দেখা গেছে রকের অনুকরণ করতে!

‘জুটোপিয়া’তে ছিল ফ্ল্যাশ
গত বছর ‘মোয়ানা’কে হারিয়ে অস্কার জিতে ‘জুটোপিয়া’। এই ছবির মজার একটি চরিত্র ফ্ল্যাশ। এমন চরিত্র বাস্তবে আপনার সামনে এলে নির্ঘাত বিরক্ত হয়ে যাবেন! কারণ, ফ্ল্যাশ সবকিছু করে ধীরগতিতে। এতটাই ধীরে যে কথা বলতে গিয়েও শব্দের মাঝে দীর্ঘ বিরতি দেয়। এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন রেমন্ড পার্সি। পরীক্ষা দিয়ে এই চরিত্রের জন্য উতরেছেন তিনি।

‘জয়’ মানে খুশি
২০১৫ সালে অস্কার বগলদাবা করে ‘ইনসাইড আউট’। ছবিতে জয় চরিত্রটি ছিল সবচেয়ে হাসিখুশি। তার কাজটাই হচ্ছে খুশি থাকা, খুশি ছড়িয়ে দেওয়া। আর জয়ের কণ্ঠে খুশি ছড়িয়েছেন অ্যামি পোয়েলার।

কে এই ‘বস বেবি’
এ বছর বেশ নামডাক হয়ে গেছে ‘বস বেবি’র। ছবির ছোট্ট, দুষ্ট, মিষ্টি বাচ্চাটাকে দেখলে নিশ্চয়ই আদর করতে ইচ্ছা করে। প্রধান চরিত্রটি ছবিতে সদ্য জন্ম নেওয়া দেখালেও তার আসল কণ্ঠ দিয়েছেন ৫৯ বছর বয়সী অ্যালেক বল্ডউইন!
সূত্র: ব্রাইট সাইড