কার্ক ডগলাস থামলেন ১০৩-এ

মারা গেছেন ‘স্পার্টাকাস’, ‘টু থাউজেন্ড লিগ আন্ডার দ্য সি’ সিনেমার অভিনেতা কার্ক ডগলাস। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় অনুসারে বুধবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে ছেলে মাইকেল ডগলাস ফেসবুকে লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ বাবা আমাদের ছেড়ে চলে গেলেন।’ মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৩ বছর। নিউইয়র্ক টাইমস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
১৯১৬ সালের ৯ ডিসেম্বর নিউইয়র্কে জন্ম নেওয়া ২০ শতকের সব থেকে জনপ্রিয় অভিনেতাদের অন্যতম কার্ক ডগলাস। কিন্ডারগার্টেনে পড়ার সময় ‘দ্য রেড রবিন অব স্প্রিং’ আবৃত্তি করে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। অভিবাসী মা–বাবা ও ছয় বোন নিয়ে নিঃসম্বল শৈশব কাটানোর পর ১৯৪৬ সালে প্রথমবার অভিনয় করেছিলেন ‘দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভার্স’ ছবিতে। সেই শুরু। পরে নব্বইটির বেশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের নায়ক হয়েছিলেন তিনি। ১৯৫০-এর দশকে তিনি সেরা বক্স অফিস তারকা হয়ে ওঠেন এবং গম্ভীর নাট্যধর্মী, পশ্চিমা ধাঁচ ও যুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য নাম করেন খুব। ক্ল্যাসিক চলচ্চিত্র ‘সাইক্লোপস’-এর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন সিনেমাপ্রেমীদের কাছে লিজেন্ড।
হলিউডে দারুণ জনপ্রিয়তা পেলেও তাঁর কাজের প্রিয় ক্ষেত্র ছিল মঞ্চ। সেই ছোট্টবেলায় আবৃত্তি করে পাওয়া প্রশংসা তাঁকে টেনে এনেছিল অভিনয়ের রাজ্যে। মঞ্চকে ভালোবাসার কারণও সেটি। সেখানে দর্শকদের প্রতিক্রিয়া মেলে সরাসরি। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মঞ্চে দর্শকদের যতটুকু দেওয়া হয়, তার চেয়ে বেশি তারা আপনাকে ফেরত দেয়।’


তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘এইস ইন দ্য হোল’, ‘দ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল’, ‘অ্যাক্ট অব লাভ’, ‘টু থাউজেন্ড লিগ আন্ডার দ্য সি’, ‘চ্যাম্পিয়ন’, ‘লাস্ট ফর লাইফ’ ও স্পার্টাকাস’। ‘চ্যাম্পিয়ন’, ‘দ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল’ ও ‘লাস্ট ফর লাইফ’ সিনেমায় অভিনয় করে তিনবার অস্কারের জন্য মনোনীত হন তিনি। একটি একাডেমি সম্মানসূচক পুরস্কার এবং প্রেসিডেনসিয়াল মেডেল অব ফ্রিডম অর্জন করেন। লেখক হিসেবে তিনি ১০টি উপন্যাস ও স্মৃতিকথা লিখেছেন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাদের করা ধ্রুপদি হলিউড চলচ্চিত্র শিল্পের সেরা পুরুষ তারকা তালিকায় তাঁকে ১৭তম হিসেবে স্থান দিয়েছে। হলিউডে ৫০ বছর অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ সালে সম্মানসূচক পুরস্কার পেয়েছিলেন।
দুইবার বিয়ে করেছেন কির্ক ডগলাস। আছে চার সন্তান। অভিনেতা ও নির্মাতা মাইকেল ডগলাস এ চারজনের সবার বড়। ২০০৩ সালে ডগলাস পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে পাওয়া যায় ‘ইট রানস ইন দ্য ফ্যামিলি’ ছবিতে। কার্ক ডগলাস তো ছিলেনই, ছিলেন তাঁর বড় ছেলে মাইকেল ও নাতি ক্যামেরন; এমনকি তাঁর প্রথম স্ত্রী, অর্থাৎ মাইকেলের মা ডায়ানাও অভিনয় করেছিলেন ওই চলচ্চিত্রে। ডগলাসকে শেষ দেখা গিয়েছিল ২০০৮ সালে ‘এম্পায়ার স্টেট বিল্ডিং মার্ডারস’ ছবিতে।
