কিম ও পিট প্রেম করছেন?
কিম কার্ডাশিয়ান ও পিট ডেভিডসন প্রেম করছেন। মার্কিন বিনোদন সংবাদমাধ্যম ‘ই! অনলাইন’কে জানিয়েছেন কিমের কাছের একটি সূত্র। ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে কিম হাজির হওয়ার পর থেকেই কিম ও পিটের প্রেমের গুজব শুরু হয়। এর পরে তাঁদের একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে। তাতেই প্রেমের খবর পাকা হতে থাকে।
ডেভিডসনের জন্মদিনের পার্টিতে ম্যাচিং করে পায়জামাও পরেছিলেন কিম ও ডেভিডসন। কিমের কাছের একটি সূত্র জানিয়েছে, ৪১ বছর বয়সী রিয়েলিটি তারকা এবং ২৮ বছর বয়সী কমেডিয়ান অফিশিয়াললি প্রেম করছেন। তাঁরা দুজনেই খুব খুশি। এখন দেখার বিষয় এটি কোথায় গিয়ে দাঁড়ায়।
এদিকে লস অ্যাঞ্জেলেসে দুজনকে একসঙ্গে হাতে হাত রেখে হাঁটতেও দেখা গেছে। তবে দুজনের প্রেমের খবর সবচেয়ে বেশি চাউর হয়েছে দুজনের বাড়ির কাছে বেশ কয়েকবার দুজনকে দেখতে পাওয়ার পর।
দুজনকে প্রথম একসঙ্গে হাত ধরা অবস্থায় দেখা গেছে ২৯ অক্টোবর সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে। দুজনকে তখন বেশ উচ্ছ্বসিত দেখা যায়।
মডেল ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ান এর আগে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী কানিয়ে ওয়েস্টকে। কিম ও কানিয়ে প্রেম শুরু করেছিলেন ২০১২ সালে এবং ইতালিতে ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের ঘরে আছে চার সন্তান। চলতি বছরের ফেব্রুয়ারিতে সংসার ভেঙে যায় তাঁদের।