কিমকে মিলিয়ন ডলারের প্রস্তাব

প্যারিসে ডাকাতের কবলে পড়ার পর থেকে যেন একেবারে চুপসে গেছেন কিম কার্দাশিয়ান। আগের মতো খুব একটা দেখা যায় না তাঁকে। লম্বা সময় ছিলেন লোকচক্ষুর আড়ালে। তবে এখন ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। বন্ধুদের সঙ্গে আবারও ঘুরে বেড়াতে দেখা গেছে তাঁকে। এ জন্যই এখন সুযোগ বুঝে একটি টিভি চ্যানেল কিমকে দিয়ে দিল ‘মিলিয়ন ডলার’–এর প্রস্তাব। ডাকাতের কবলে পড়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা ক্যামেরার সামনে বললেই তিনি পাবেন মোটা অঙ্কের সম্মানী।
কিম কার্দাশিয়ানের পরিবারকে নিয়ে রিয়েলিটি শো ‘কিপিংআপ উইথ দ্য কার্দাশিয়ানস’ প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের এনবিসি নেটওয়ার্কে। আর এই চ্যানেলটিই কিমকে মিলিয়ন ডলারের প্রস্তাব করেছে, যেন কিম তাঁর বিভীষিকাময় সেই অভিজ্ঞতার কথা শুধু তাদের ক্যামেরার সামনেই বলেন। এমনকি চ্যানেলটি এও প্রস্তাব করেছে যে কিম তাঁর খুশিমতো যেকোনো সাংবাদিককে বেছে নিতে পারেন অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য। কিন্তু এনবিসি ঠিক কত মিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে কিমকে, সে বিষয়ে এখনো কোনো পক্ষই মুখ খোলেনি। কারণ এনবিসি ভয়ে আছে, তাদের প্রতিপক্ষ কোনো চ্যানেল কিমকে এর চেয়ে বেশি অর্থ প্রস্তাব করে একান্ত সাক্ষাৎকারটি নিয়ে নিতে পারে।
গত ৩ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঁচ মুখোশধারী ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করেন কিম কার্দাশিয়ানকে। কয়েক মিলিয়ন ডলার মূল্যের অলংকার লুট করা হয় তাঁর কাছ থেকে। সেই ডাকাতির ঘটনায় প্যারিসে পুলিশের কাছে মামলাও করেন কিম। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এসশোবিজ।