কিমের দুই হাজার সেলফির সেলফিস আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কার্দাশিয়ান
কিম কার্দাশিয়ান

এক দশকেরও বেশি সময় ধরে সেলফি তুলছেন মার্কিন টিভি ব্যক্তিত্ব, মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান। এবার নিজের তোলা প্রায় দুই হাজার সেলফি নিয়ে শিগগিরই সেলফিস শিরোনামে একটি বই বের করতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এ তারকা। চলতি বছরের ডিসেম্বর মাসেই ৩৫২ পাতার বইটি বাজারে আসছে। বইটিকে নিজের জীবনের প্রতিচ্ছবি ও আধুনিক বিশ্বের বার্তা বলেই জানিয়েছেন কিম।
বই প্রকাশের ভাবনা, শিরোনামসহ এটি প্রকাশের সব কৃতিত্ব কিম দিয়েছেন তাঁর স্বামী র‌্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্টকে। এ প্রসঙ্গে কিম বলেন, ‘বই প্রকাশের ভাবনার কথা প্রথম আমাকে জানায় কেনি। বইয়ের শিরোনামও তাঁর দেওয়া। আমাকে বইয়ের প্রকাশকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া থেকে শুরু করে সবকিছুই করেছে কেনি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
কিম আরও বলেন, ‘কেনি প্রথম যখন আমাকে এ ধরনের একটি বই প্রকাশের কথা জানায়, তখন ভাবনাটি খুবই ভালো লেগেছিল আমার। আমি কখনোই ভাবিনি, এমন একটি বই প্রকাশ করা যেতে পারে। ৩৫২ পাতার বই এটি। প্রতিটি পাতায় একাধিক ছবি থাকছে। সব মিলিয়ে প্রায় দুই হাজার সেলফি নিয়ে বইটি প্রকাশিত হচ্ছে।’
দীর্ঘদিন ধরে সেলফি তুলছেন বলেও জানিয়েছেন কিম। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘অনেক দিন ধরেই আমি সেলফি তুলছি। কেবলমাত্র স্মৃতি ধরে রাখার উদ্দেশেই সেলফি তোলা শুরু করেছিলাম। আজ ছবিগুলো এত কাজে আসবে, তা কখনোই ভাবিনি। গত এক দশকেরও বেশি সময় ধরে আমি এই সেলফিগুলো তুলেছি।’

আরও পড়ুন: