কিমের লুট হওয়া হার উদ্ধার

প্যারিসে ডাকাতের কবলে পড়ার পর থেকে কিম কার্দাশিয়ানকে আর জনসমক্ষে দেখা যায়নি। মুখপাত্র ও পুলিশের বরাত দিয়েই পাওয়া যাচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত কিমের খবর। এবার জানা গেল, কিমের লুট হওয়া একটি হার উদ্ধার করেছে ফরাসি পুলিশ।
তবে হীরার ওই হার যে পুলিশ নিজেদের চেষ্টায় উদ্ধার করতে পেরেছে, এমনটি নয়। কিমের প্যারিসের ভাড়া করা অ্যাপার্টমেন্টের বাইরের রাস্তায় হারটি পড়ে ছিল। একজন পথচারী তা কুড়িয়ে পেয়ে জমা দেন পুলিশের কাছে। হারটির বাজারমূল্য প্রায় ৩৩ হাজার ২০০ মার্কিন ডলার।
পুলিশ জানিয়েছে, তারা এই হার বর্তমানে পর্যবেক্ষণ করছেন। এর ডিএনএ পরীক্ষা করা হবে। এতে থাকা হাতের ছাপ পুলিশের কাছে থাকা অপরাধীর তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে।
৩ অক্টোবর ফ্রান্সের প্যারিসের একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে ডাকাতের কবলে পড়েন মার্কিন রিয়্যালিটি টিভি শো তারকা কিম কার্দাশিয়ান। পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, ডাকাতেরা তাঁর কাছ থেকে প্রায় ৯৬ লাখ মার্কিন ডলার সমমূল্যে অলংকার ও অর্থ লুট করেছে। প্রথমেই মুখোশধারী কয়েকজন তরুণ কিমকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারপর তারা কিমের হাত-পা বেঁধে বাথরুমে আটকে রাখে এবং অলংকার ও অর্থ লুট করে। ইয়াহু।