কী ভাবনা তাঁদের মনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কান উৎসবের বিশাল পোস্টার নিয়ে ব্যস্ত কর্মীরা l ছবি: এএফপি
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কান উৎসবের বিশাল পোস্টার নিয়ে ব্যস্ত কর্মীরা l ছবি: এএফপি

ছোটখাটো গড়নের মানুষ পেদ্রো আলমোদোভার। সাদা চুল আর খোঁচা খোঁচা দাড়ি—এই হচ্ছে তাঁর চেনা রূপ। জনতার মাঝে যখন আসেন, কালো চশমার আড়ালে ঢাকা থাকে চোখ দুটো। চোখ দেখা যায় না বলেই তাঁর মনের ভাব বোঝা মুশকিল।
আগামী সপ্তাহ দুয়েক অন্তত এই স্প্যানিশ সিনেমা জাদুকরের মনের ভাব বোঝাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের জন্য।
এবার ৭০তম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রেসিডেন্ট পেদ্রো আলমোদোভার। কার হাতে যাবে কান উৎসবের সবচেয়ে বড় পুরস্কার পাম দ’র, সেটা নির্ভর করছে অনেকটা তাঁর ভাবনার ওপরই।
কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে স্পেনের এই খ্যাতিমান নির্মাতার সম্পর্ক বেশ পুরোনো। পেদ্রো আলমোদোভারের নাম গোটা বিশ্ব চেনার আগেই চিনেছিল এই কান উৎসব। সেই ১৯৮২ সালে তাঁর ছবি পেপি, লুসি, বম দিয়ে প্রথম আলোড়ন তুলেছিলেন সিনেমা দুনিয়ায়। কানের বিচারকের আসনেও বসার অভিজ্ঞতা হয়েছে টক টু হার, অল অ্যাবাউট মাই মাদার, ভলভার-এর মতো সাড়া জাগানো ছবির এই নির্মাতার। গেল বছরও হুলিয়েতা নামের ছবি নিয়ে অস্কার বিজয়ী এই নির্মাতা হাজির ছিলেন কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে (তাঁকে সামনাসামনি দেখার অভিজ্ঞতা সে সুবাদে)। তবে জুরিবোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিনি কানে আসছেন এই প্রথম।
বরাবরের মতো বেশ বৈচিত্র্যময় কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের বিচারক দল। স্পেনের আলমোদোভারের সঙ্গে এবার আছেন হলিউডের দুই চেনা মুখ—উইল স্মিথ ও জেসিকা চেস্টেইন। বছর দুয়েক আগে ইয়ুথ ছবি দিয়ে কান উৎসব মাতিয়েছিলেন ইতালির নির্মাতা পাওলো সরেন্তিনো। এবারে অস্কার বিজয়ী এই নির্মাতা হাজির কানের প্রতিযোগিতা বিভাগের বিচারকদের কাতারে। এশিয়ার প্রতিনিধি হিসেবে আছেন দক্ষিণ কোরীয় নির্মাতা পার্ক চ্যান উক ও চীনা অভিনেত্রী ফ্যান বিংবিং।
ফ্রান্সের প্রতিনিধি কম্পোজার গ্যাব্রিয়েল ইয়াহেদ ও অভিনেত্রী আনিয়েস ঝাউয়ি। আছেন জার্মান নির্মাতা মারান আডে।

উমা ম্যাজিক
উমা থারম্যান! নামটা শুনতেই তরবারির একটা কোপ কি কানের পাশ দিয়ে সাঁই করে চলে গেল? কুয়েনটিন ট্যারেন্টিনো নির্মিত কিল বিল যদি দেখেন, এমন হতেই পারে। আর পাল্প ফিকশন তো বহু আগেই জায়গা করে নিয়েছে বিশ্বের সর্বকালের সেরা ছবির তালিকায়। তবে এবার তরবারি চালাতে নয়। অভিনেত্রী উমা থারম্যান কান উৎসবে আসছেন তাঁর ক্ষুরধার বিচারক্ষমতার পরীক্ষা দিতে। ‘আঁ সার্তেন রিগার্দ’ বিভাগের বিচারকদের প্রেসিডেন্ট তিনি। অন্যদিকে স্বল্পদৈর্ঘ্য ছবি এবং সিনেফন্ডেশন বিভাগের বিচারক হিসেবে আছেন রোমানিয়ার তরুণ নির্মাতা ক্রিশ্চিয়ান মুংগিয়ু। আর সম্মানজনক ক্যামেরা দ’র পুরস্কার বিচার বিভাগের প্রধান হয়েছেন ফরাসি অভিনেত্রী সানদ্রিন কিবারলিন।
১৭ মে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এরই মধ্যে বিচারকাজ প্রসঙ্গে আলমোদোভার বলে দিয়েছেন, ‘শরীর আর আত্মার সবটুকু দিয়ে আমার কাজ করব।’ কালো চশমার আড়ালে কী ভাবছেন পেদ্রো আলমোদোভার? উমা থারম্যান আর ক্রিশ্চিয়ান মুংগিয়ুদের মনেই বা কী আছে? জানা যাবে উৎসবের শেষ দিন ২৮ মে।