কুকুরের পর এবার বাদুড়!

কুকুর নিয়ে ঝামেলাটা মিটেছে কি মেটেনি, এরই মধ্যে নতুন খবর দুয়ারে কড়া নাড়ছে। কুকুরের পর এবার বাদুড়! হলিউডের তারকারা কত কিছুই না শখ করে পোষেন। শুধু পোষেন বললে ভুল হবে, রীতিমতো সন্তানের মতো দত্তকও নেন। তাই বলে বাদুড়! কাণ্ডটা জনি ডেপ করেছেন বলেই অবাকের মাত্রা খানিকটা কমছে। অস্ট্রেলিয়ায় দুই পোষা কুকুর নিয়ে গিয়ে আইনি ঝামেলায় পড়া এ অভিনেতা এবার একটা বাদুড় দত্তক নিয়েছেন। তার আবার গালভরা নাম দিয়েছেন ‘জ্যাকি স্প্যারো’!
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস-এর শুটিং করতে ডেপ এখন অস্ট্রেলিয়ায়। সেখানেই শুটিংস্পটে একটি বাদুড় অসহায়ের মতো পড়ে ছিল। নিজের দুই পোষা কুকুরের জন্য যিনি ১০ বছরের জেলের হুমকির পরোয়া করছেন না, অসহায় বাদুড়ের জন্য মন তো তাঁর কাঁদবেই। বাদুড়টিকে দত্তক নেওয়ার পাশাপাশি নিজের বিখ্যাত চরিত্রটির নামে নামকরণও করেছেন। আইএএনএস।