কুচারের সন্তানের কাছাকাছি থাকতে চান ডেমি মুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমি মুর, অ্যাস্টন কুচার, মিলা কুনিস
ডেমি মুর, অ্যাস্টন কুচার, মিলা কুনিস

অ্যাস্টন কুচারের সঙ্গে ডেমি মুরের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে গত বছরের নভেম্বরে। ডেমির পর মিলা কুনিসকে নতুন সঙ্গী নির্বাচন করেন কুচার। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুচার ও মিলা বাগদান সম্পন্ন করেন । গত ৩০ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা-মা হন তাঁরা। মেয়ের নাম তাঁরা রেখেছেন ওয়েট ইসাবেল কুচার। সম্প্রতি ওকে ম্যাগাজিনের এক খবরে বলা হয়েছে, কুচারের সন্তানের কাছাকাছি থাকার চেষ্টা করছেন ডেমি। আর বিষয়টি নিয়ে অস্বস্তির মধ্যে আছেন মিলা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রায়ই ফোন ও ই–মেইলের মাধ্যমে কুচারের সঙ্গে যোগাযোগ করছেন ডেমি। তিনি ছোট্ট ইসাবেলের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তার সঙ্গে দেখা-সাক্ষাতের ব্যবস্থা করার জন্য কুচারকে অনুরোধ করছেন।
কুচারও বিষয়টিকে সহজভাবে দেখছেন। তিনি মনে করছেন, ইসাবেলের সঙ্গে ডেমি যোগাযোগ রাখলে তাতে কোনো সমস্যা নেই। গত ৮ অক্টোবর ডেমিকে বাসায় আমন্ত্রণ জানান কুচার। দুই মেয়ে রুমার ও তালুলাকে নিয়ে ইসাবেলের সঙ্গে দেখা করতে যান ডেমি। কুচারের সন্তানের জন্য উপহারও নিয়ে যান ৫২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।