কুড়িয়ে পাওয়া জিনিস ফেরত দিলেন হ্যাঙ্কস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে দেওয়া লরেনের ছবিসহ টম হ্যাঙ্কসের পোস্ট
টুইটারে দেওয়া লরেনের ছবিসহ টম হ্যাঙ্কসের পোস্ট

এত ব্যস্ত অভিনেতা এত দিকে কেমন করে নজর দেন? পথে পড়ে আছে কোনো একজনের পরিচয়পত্র। তা নিয়ে টম হ্যাঙ্কসের চিন্তার শেষ নে​ই। আর দশজন যেখানে পথে পড়ে থাকা কোনো পরিত্যক্ত কাগজ ভেবে এটা এড়িয়ে যেত, সেখানে টম হ্যাঙ্কস একেবারে নায়কসুলভ কাণ্ডই ঘটালেন। রাস্তায় কুড়িয়ে পাওয়া এক শিক্ষার্থীর পরিচয়পত্র আসল ব্যক্তির হাতে পৌঁছে দিয়ে সত্যিকারের নায়ক বনে গেলেন।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। নিজের টুইটার অ্যাকাউন্টে একটা অদ্ভুত পোস্ট দিলেন ‘ফরেস্ট গাম্প’-এর টম। একটা ছবি পোস্ট করে তাতে লিখলেন, ‘লরেন, আমি পার্কে তোমার কার্ডটি খুঁজে পেয়েছি। এটা যদি এখনো তোমার কাজে লেগে থাকে তাহলে আমার অফিস এটা তোমার কাছে পৌঁছে দেবে।’ ভেবে দেখুন, যে জিনিস একবার টম হ্যাঙ্কসের সান্নিধ্য পেয়ে এসেছে সেটা কি আবার কারও কাছে আরাধ্য না হয়?

পরিচয়পত্রসহ লরেনকে পাঠানো টম হ্যাঙ্কসের চিরকুট
পরিচয়পত্রসহ লরেনকে পাঠানো টম হ্যাঙ্কসের চিরকুট



তবে বেচারি লরেন কিন্তু এ ব্যাপারে কিছুই জানতেন না। নিউ ইয়র্কের ফোর্ডহ্যাম ​ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী টুইটার ব্যবহার করেন না। তাই টুইটের দুনিয়ায় কি ঘটছে তা নিয়ে ধারণাই ছিল না তাঁর। ছোট্ট একটা টুইটের কল্যাণে এই মেয়ে যে তারকা বনে গেছেন তা নিয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না লরেনের। লরেন বলেন, ‘আমি লাইব্রেরিতে বসে পরের দিনের হোমওয়ার্ক করছিলাম। তখনই আমার কাছে একটা ই-মেইল আসে। তাতে একটা লিংক ছিল। আমার শিক্ষক মেইলে লিখে পাঠান, আমি নাকি স্টার হয়ে গেছি। লিংকে ঢুকতেই দেখি আমার হারিয়ে যাওয়া আইডি কার্ডের ছবি। তা-ও আবার টম হ্যাঙ্কসের টুইটার অ্যাকাউন্টে!’

লরেন পড়ে টুইটারের মাধ্যমেই যোগাযোগ করেন টম হ্যাঙ্কসের সঙ্গে। সরাসরি টমের দেখা পাননি ​তিনি। তবে যোগাযোগের পর টমের অফিসের কর্মীরা লরেনকে তাঁর হারিয়ে যাওয়া কার্ডটি ফেরত পাঠান। সেই সঙ্গে বা​ড়তি পাওনা হিসেবে টম হ্যাঙ্কস নিজের হাতে একটি চিরকুট লিখে পাঠান লরেনকে। চিরকুটে লেখা ছিল, ‘লরেন, হোল্ড অনটু দিস—টম হ্যাঙ্কস’। চিরকুটটি নিয়ে এখন চলছে হুলুস্থুল। কার্ড হারিয়ে ফেলার সুবাদে লরেন আমন্ত্রণ পান মার্কিন টিভি শো ‘গুড মর্নিং আমেরিকা’-তে! সেখানে লরেন কার্ড হারিয়ে ফেলার গল্পটি বলেন। ​​কিভাবে সকালে হাঁটতে বেরিয়ে পরিচয়পত্র হারিয়ে ফেলেন তিনি তা জানান সবাইকে। আর পরিচয়পত্র খুঁজে পাওয়ার গল্প? তা আর বলতে! ইয়াহু নিউজ।