কেঁদে মরছেন ব্যারিমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রিউ ব্যারিমোর
ড্রিউ ব্যারিমোর

ইদানীং খুব কষ্টে দিন কাটাচ্ছেন হলিউড অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। সব কষ্ট সহ্য করা যায়, তাই বলে খাওয়ার কষ্ট? মার্কিন এই অভিনেত্রী এখন কঠিন ডায়েট অনুসরণ করছেন। তারকা ডায়েটিশিয়ান কিম্বারলি স্নাইডারের দেওয়া খাবারের তালিকা অনুসরণ করে এরই মধ্যে ১০ কেজি ওজন কমিয়েছেন তিনি।
ব্যারিমোরের ডায়েটের তালিকায় সবই নিরামিষ। মাখন, পনিরের মতো খাবার এখন ব্যারিমোরের জন্য রীতিমতো ‘নিষিদ্ধ’। কিন্তু চার্লিস অ্যাঞ্জেলস–এর এই তারকার যে প্রাণ কাঁদছে এক ফালি পিৎজার জন্য!
‘স্যানটা ক্ল্যারিটা ডায়েট’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানের জন্যই ওজন কমাতে হবে ব্যারিমোরকে। এ জন্য তিনি কোমর বেঁধে নেমেছেন। জানিয়েছেন, ওজন কমাতে পেরে ভালো লাগছে তাঁর; কিন্তু মন যে কাঁদে পিৎজার জন্য।
ব্যারিমোরের ভাষায়, ‘আমি এখন শুধু পিৎজার স্বপ্ন দেখি। এটা খেতে পারছি না বলে আমার কান্না আসে।’
শুধু নিরামিষ আর দিনে দুই লিটার পানি খেয়ে পেট, মন কোনোটাই ভরছে না এই দুই সন্তানের মায়ের। তাই ডায়েটিশিয়ানের কড়াকড়ির পরও চুপিচুপি খাবারের তালিকায় যুক্ত করে নিয়েছেন মাছ ও চর্বি ছাড়া মাংস।
সম্প্রতি অন্দরসজ্জার সামগ্রী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের একটি নতুন দোকান চালু করেছেন ৪১ বছর বয়সের এই অভিনেত্রী। এ ছাড়া প্রসাধনী ও প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আজকাল তিনি ইউএস উইকলি সাময়িকীর পাঠকদের বিউটি টিপসও দিয়ে বেড়াচ্ছেন। দ্য সান।