কেট উইন্সলেটের বয়স আটকে রাখার 'রেসিপি'!

শুধু একটা প্রেশার কুকারই তো! বেশি কিছু চায়নি বালিকা। বালিকা বললে ভুল হবে? কেট উইন্সলেটের বয়স কী বাড়তে পারে! অক্টোবর মাসের পাঁচ তারিখ ‘টাইটানিক’ খ্যাত এই তারকা অভিনেত্রীর জন্মদিন। কেট তাঁর ৪০তম জন্মবার্ষিকীতে সহশিল্পী মাইকেল ফাসবেন্ডারের কাছে উপহার হিসেবে চেয়েছেন একটি প্রেশার কুকার! বয়স ধরে রাখার এক গোপন ‘রেসিপি’র জন্যই তাঁর নাকি খুব দরকার একটি প্রেশার কুকার।
নতুন ছবি ‘স্টিভ জবস’-এর প্রচারণার সময় ছবির নায়ক ফাসবেন্ডারের কাছে একটি প্রেশার কুকারের ‘আবদার’ করেছেন কেট। কেটের এই আবদার শুনে তো রীতিমতো হতবাক ফাসবেন্ডার। তিনি বলেছেন, ‘তা না হয় দিলাম। কিন্তু তারপর?’
কেট তখন ফাঁস করেছেন তাঁর বয়স আটকে রাখার সেই গোপন রেসিপির গুমর। প্রেশার কুকারে রান্না হবে হাড়ের এক বিশেষ ঝোল (Bone Broth) বা স্যুপ। কুচি করা রসুন, শাক-পাতা দিয়ে সেই হাড় প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে ১২ ঘণ্টা। ব্যস, তারপরেই তৈরি হয়ে যাবে সেই পুষ্টিকর হাড়ের ঝোল। এ খাবার নিয়মিত খেলে দূর হয়ে যাবে শরীরের নানা ঝামেলা, আর বয়সও দেখাবে অনেক কম।
বয়স আটকে রাখার এই বুদ্ধি শুনে তো মাইকেল ফাসবেন্ডার মহাখুশি। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে কেটকে বলেও দিয়েছেন, ‘ঠিক আছে, আমাকে যদি একটু খেতে দাও তাহলে অবশ্যই প্রেশার কুকার কিনে দেব।’
এর আগে, এই বিশেষ হাড়ের ঝোলের প্রতি ঝুঁকেছেন আরও অনেক তারকাই। ‘ডাইভার্টেড’ তারকা উগলে প্রতিদিন সকালে এক কাপ পরিমাণ এই ‘হাড়ের ঝোল’ খান। অভিনেত্রী, গায়িকা গিনেথ প্যালট্রোও শীতে এই স্যুপ ‘ওষুধ’ বা পথ্য হিসেবে খাওয়ারই পরামর্শ দিয়েছেন।
হলিউডের আরেক তারকা সালমা হায়েকও এই হাড়ের স্যুপকেই উল্লেখ করেছেন তাঁর তারুণ্যের গোপন রহস্য হিসেবে। সম্প্রতি পিপল ডটকমকে সালমা হায়েক বলেছেন, ‘এতে প্রচুর পরিমাণে জেলাটিন, ফ্যাট ও অস্থিমজ্জা থাকে। প্রতিদিন এক কাপ করে খেলে বয়স কম দেখাবে। খাবারে পর্যাপ্ত স্নেহ জাতীয় উপাদান চাইলে এটাই আদর্শ খাবার। এবিসি নিউজ।