কেট-ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা!

অস্কারজয়ী ‘টাইটানিক’ মুক্তির ২০ বছর হয়ে গেছে। তবু যেন জ্যাক-রোজের প্রেম এখনো দর্শকমনে তরতাজা। ‘টাইটানিক’-এর পর শুধু একটি ছবি ‘রেভল্যুশনারি রোড’-এ (২০০৯) দেখা গেছে এ জুটিকে। তবে বাস্তবের জ্যাক-রোজ, অর্থাৎ এই চরিত্রে অভিনয় করা অস্কারজয়ী লিওনার্দো ডিক্যাপ্রিও আর কেট উইন্সলেটের যে পর্দার বাইরে দেখা হয় না, তা কিন্তু নয়। খুব ভালো বন্ধুত্ব তাঁদের মধ্যে। সেই সুবাদেই আবার একসঙ্গে হচ্ছেন তাঁরা। তবে পর্দায় নয়, বাস্তবে। আরও মজার বিষয়, তাঁদের সঙ্গে বসে বন্ধুদের নিয়ে রাতের খাবার খেতে পারবেন একজন ভাগ্যবান!
আজ ফ্রান্সে ‘লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন’-এর জন্য বার্ষিক নিলামের আয়োজন করা হয়েছে। সেই নিলামে যিনি হবেন ভাগ্যবান ক্রেতা, তিনিই পারবেন প্রিয় তারকা জুটির সঙ্গে দেখা করতে এবং তাঁদের সঙ্গে রাতের খাবার খেতে। অক্টোবর অথবা নভেম্বর মাসে এই জুটির পছন্দ করা নিউইয়র্ক শহরের কোনো রেস্তোরাঁয় রাতের খাবারের ব্যবস্থা করা হবে।
লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন পরিবেশবিষয়ক সচেতনতায় কাজ করে আসছে ২০০৮ সাল থেকে। এদিকে কেটও কাজ করছেন ‘গো ফান্ড মি’ নামের একটি ক্যাম্পেইনে। ক্যানসারে আক্রান্ত যুক্তরাজ্যের এক অল্প বয়সী মাকে সাহায্য করতে এই অর্থভান্ডার গড়ে তোলা হচ্ছে। বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের সহায়তা করতেও কেট প্রতিষ্ঠা করেছেন ‘গোল্ডেন হ্যাট ফাউন্ডেশন’। এ ছাড়া ক্যানসার চিকিৎসায় কিছু চ্যারিটিকে সাহায্য করছেন তিনি। পিপল।