কেটের মায়া অঞ্জন মাখা চোখে লিওনার্দো

‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেট বিশ্বাস করেন যে তাঁর প্রিয়তম বন্ধু ও ‘টাইটানিক’ ছবিতে তাঁর জুটি তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর বয়স যত বাড়ছে, ততই তিনি আরও সুদর্শন হয়ে উঠছেন।
৪০ বছর বয়সী কেট ‘টাইটানিক’ ছবিতে যে সময় অভিনয় করেছিলেন, তখন তিনি বয়সে নিতান্তই তরুণ। সেটা ১৯৯৭ সালের কথা। লিওনার্দোর বয়স এখন ৪১ বছর। সমবয়সী এই দুই তরুণ-তরুণীর অভিনয়ের রসায়নটিও অসাধারণ হয়েছিল। বলতে গেলে এই ‘টাইটানিক’ জুটির প্রথম যৌবনের স্মৃতিঘেরা ছবি।
লিওনার্দোতে মুগ্ধ কেট তাঁর এই প্রিয়তম বন্ধু সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, ‘সে সত্যিই দৃঢ়চেতা আর নীতিমান একজন মানুষ। অসাধারণ একজন বন্ধু। যা সে সব সময়ই ছিল। আর এটা শুধু আমার ক্ষেত্রে নয়, তার চারপাশের সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য।’
কেট উইন্সলেট বলেন, ‘সেই “টাইটানিক” ছবির সময় যাঁরা তার সঙ্গে ছিলেন, বন্ধু হিসেবে; আজও তাঁরা বন্ধুই আছেন। একটুও বদলায়নি সে।’
আবার ডিক্যাপ্রিওর ক্যারিয়ার ও অভিনয়ের প্রসঙ্গে কেট বলেছেন, ‘আগের সব সময়ের বিবেচনায় এই সময়ে সে অনেক শক্তিশালী একজন অভিনেতা হিসেবে নিজেকে গড়ে তুলেছে।’ তিনি বলেন, ‘আমি মনে করি, আগের সব সময়ের চেয়ে এখন তাকে দেখতে আরও সুদর্শন লাগে।’
কেট জানিয়েছেন, তাকে (ডিক্যাপ্রিও) দেখলে মনে হয়, এখন সে সবচেয়ে স্থিতধী আর থিতু হওয়া একজন মানুষ। অথচ এটা একটা অবাক করা বিষয়। কেননা তার চারপাশে অনেক কিছুই ঘটে চলেছে। কিন্তু এর পরও সে স্থির ও প্রশান্ত। আর এই বিষয়টিই কেবল ২০ বছর আগের পথটির চেয়ে আলাদা। পিটিআই।