কেন ছাড়াছাড়ি হলো বেন অ্যাফ্লেক-জেনিফারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক-জেনিফার গার্নার
জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক-জেনিফার গার্নার

২৯ জুন সোমবার ছিল তাঁদের ১০ম বিয়েবার্ষিকী। পরদিন মঙ্গলবার বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। বিয়ের দশ বছর পূর্তির ঠিক একদিন পরই এই বিচ্ছেদের ঘোষণা দেন মার্কিন অভিনেতা বেন অ্যাফ্লেক আর অভিনেত্রী জেনিফার গার্নার। সাবেক প্রেমিকা ও বাগদত্তা জেনিফার লোপেজের সঙ্গে সখ্যের পাশাপাশি বেনের মদ ও জুয়ার নেশাকেই এ বিচ্ছেদের জন্য দায়ী করা হচ্ছে।
২০০২ সালে বেনের সঙ্গে লোপেজের বাগদান হয়। কিন্তু দুই বছরের মাথায় বাগদান ভেঙে দেন তাঁরা। ২০০৫ সালের ২৯ জুন জেনিফার গার্নারকে বিয়ে করেন বেন। তাঁদের তিন সন্তান ভায়োলেট, সেরাফিনা ও স্যামুয়েলের বয়স যথাক্রমে নয়, ছয় ও তিন বছর।
দীর্ঘদিন ধরে লোপেজের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন বেন। তাঁদের মধ্যে নিয়মিত ইমেইল চালাচালি হচ্ছিল। বিষয়টি একদমই পছন্দ করতেন না গার্নার। বিচ্ছেদের পর সবাই এখন লোপেজ এবং বেনের সখ্য নিয়ে কানাঘুষা করছে। বলা হচ্ছে, অবশ্যই তাঁরা আবার একে অপরের জীবনে ফিরবেন। এ জন্য হলিউডের রিচার্ড বার্টন ও লিজ টেইলর নামেও ডাকা হচ্ছে তাঁদের। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে দ্য সান।
সূত্রটি আরও জানিয়েছে, এত দিন ধরে বেনের সঙ্গে গার্নারের সংসার টিকিয়ে রাখার বিষয়টি রীতিমতো অলৌকিক একটি ঘটনা। সংসার টেকানোর সর্বোচ্চ চেষ্টা গার্নার করেছেন। ২০০১ সালে রিহ্যাবে যাওয়ার পর অ্যালকোহল আসক্তি থেকে মুক্ত হয়েছিলেন বেন। কিন্তু আবারও পুরোনো জীবনে ফিরে যান তিনি। গত বছর মুক্তি পাওয়া ‘গন গার্ল’ ছবির শুটিংয়ের সময় থেকে নিয়মিত মদপান শুরু করেন তিনি। জুয়ার নেশাও পেয়ে বসে তাঁকে। তিনি পরিবারের প্রতি এত বেশি উদাসীন হয়ে পড়েন যে, গত এপ্রিল মাসে গার্নারের জন্মদিনটা পর্যন্ত ভুলে যান। এমনকি মা দিবসের কথাও ভুলে যান তিনি। সবকিছু মিলিয়ে তাই শেষ পর্যন্ত বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে গার্নারকে।