কোয়েন ব্রাদার্স জুটি কি ভাঙছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনেমাপ্রেমীদের কাছে ‘কোয়েন ব্রাদার্স’ নামেই তাঁরা পরিচিত
ছবি: সংগৃহীত

সিনেমাপ্রেমীদের কাছে ‘কোয়েন ব্রাদার্স’ নামেই তাঁরা পরিচিত। এথান কোয়েন ও জোয়েল কোয়েন—এই দুই ভাই শুরু থেকে একসঙ্গে সিনেমার কাজ করছেন। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম আলাদাভাবে পর্দায় আসছেন এক ভাই। আগামী মাসে নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে তাঁর ‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’। সিনেমাটিতে প্রথমবার নির্মাতা ও চিত্রনাট্যকার পরিচয়ে আসছেন জোয়েল কোয়েন। নেই এথান কোয়েন। একাধিক সফল ছবির এই ভ্রাতৃদ্বয়ের জুটি কি ভাঙতে বসেছে?

কখনো একসঙ্গে পরিচালনা করেছেন দুই ভাই। কখনো একজন পরিচালনা করলে অন্যজন ছিলেন চিত্রনাট্যকার বা প্রযোজক। যৌথভাবে পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবেও তাঁরা দর্শকের সামনে এসেছেন। বিভিন্ন উৎসবে একসঙ্গে হাজির হয়েছেন কোয়েন ব্রাদার্স। সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দ্য ব্যালাড অব বাস্টার স্ক্রুগস’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ম্যাকবেথে এবার কেন জোয়েল কোয়েন একা?

‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’ সিনেমা পোস্টার
ছবি: সংগৃহীত

কোয়েন ব্রাদার্সের সঙ্গে দীর্ঘদিন ধরে সুরকার হিসেবে কাজ করেন কার্টার বারওয়েল। তাঁর বরাত দিয়ে লস অ্যাঞ্জেলেস ম্যাগাজিন জানিয়েছে, এথান কোয়েন আর ছবি বানাতে চান না। তবে তিনি এটা বলতে ভোলেননি, একসঙ্গে না থাকা মানেই ইথান অবসর নিচ্ছেন না। ২০১৯ সালেও এথান কোয়েন বলেছিলেন, নাটক রচনায় আরও বেশি করে মনোনিবেশ করার জন্য ছবি থেকে বিরতি নিতে চান তিনি।

পুরস্কার হাতে কোয়েন ব্রাদার্স
ছবি: সংগৃহীত

কার্টার বারওয়েল বলেন, ‘কোয়েন ব্রাদার্সের বেশ কিছু চিত্রনাট্য প্রস্তুত রয়েছে। তার কিছু আমি পড়েছি, দুর্দান্ত সব গল্প। কিন্তু গত বছর জোয়েলকে দেখলাম একাই শুটিং করছেন। তখন কিছুটা অদ্ভুত লেগেছিল। ভাবছিলাম, কেন এথান প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন না। হয়তো সে অন্য কিছু করতে চেয়েছিল। সেগুলো নিয়ে শিগগির তাঁরা হয়তো ফিরবেন।’

‘ফার্গো’ সিনেমার একটি দৃশ্য
ছবি: সংগৃহীত

১৯৮৪ সালে ‘ব্লাড সিম্পল’ দিয়ে কোয়েন ভাইদের একসঙ্গে পর্দায় আবির্ভাব। হলিউডের স্মরণীয় কিছু সিনেমা নির্মাণের সঙ্গে জড়িত কোয়েন ব্রাদার্স। তার মধ্যে রয়েছে ‘রেইজিং অ্যারিজোনা’, ‘ফার্গো’, ‘বার্টন ফিঙ্ক’, ‘দ্য বিগ লেবেওস্কি’, ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’-এর মতো সিনেমা। এসব সিনেমা দিয়ে তাঁরা একসঙ্গে অস্কার মঞ্চে হেঁটেছেন। ‘ফার্গো’ ও ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ দিয়ে কোয়েন ব্রাদার্স ৪বার অস্কার পুরস্কার জিতে নেন।