ক্যানসার নিয়ে লিসার টুইট বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী বলিউডের মডেল ও অভিনেত্রী লিসা রে।
ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী বলিউডের মডেল ও অভিনেত্রী লিসা রে।

ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন বলিউডের মডেল ও অভিনেত্রী লিসা রে। এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার জন্য তাঁকে দীর্ঘ সময় ক্যানসারের বিরুদ্ধে লড়তে হয়েছে। চিকিৎসার বিভিন্ন পর্যায়ে ক্যানসার আক্রান্ত হিসেবে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাঁকে। সম্প্রতি খুদে ব্লগসাইট টুইটারে ক্যানসার প্রসঙ্গে লিসা তাঁর বিভিন্ন অনুভূতি ভক্তদের জানিয়েছেন। লিসার এই টুইট বার্তা সাহস জোগাবে ক্যানসার আক্রান্তদের। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ক্যানসার আপনার চিন্তাকেও প্রভাবিত করতে পারে।
ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন লিসা রে। ৪৩ বছর বয়সী এই মডেল ও অভিনেত্রী টুইটারে তাঁর ভক্তদের ক্যানসার নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আর কৌতূহলের জবাব দেন। ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরে টুইট বার্তায় তিনি ক্যানসারের সঙ্গে তাঁর এই যুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করেন।
টুইট বার্তায় লিসা রে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে আশা, সহায়তা আর কৌতুক করার বিষয়টি যে শক্তি জোগায় তা জানাতে লিখেছেন, ‘খুব খারাপ দিনই গেছে, কিন্তু ক্যানসারের সঙ্গে লড়াই করার দিনগুলোতে কখনোই হতাশ হইনি। তিনি লিখেছেন, সুস্থ হয়ে ওঠার যুদ্ধে আশা, সহায়তা আর কৌতুক এই তিনটি বিষয় তাঁকে সব সময় শক্তি জুগিয়েছে। যে কারণে তিনি কখনোই মনোবল হারাননি।
আরেক টুইট বার্তায় লিসা লিখেছেন, ‘ক্যানসার শনাক্ত হওয়ার পরে সেরে ওঠার জন্য শক্তি জুগিয়েছিল সঠিক চিকিৎসা, মানসিক সহায়তা, আত্মবিশ্বাস, সঠিক খাদ্যগ্রহণ আর ধ্যান।
টুইট বার্তায় ভক্তদের প্রশ্নের উত্তরে লিসা রে আরও জানান, ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধে জিততে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা হলো— মানসিকতা। সেরে ওঠার বিষয়টি অনেকাংশেই নির্ভর করে এর ওপর।
লিসা জানিয়েছেন, অনেকগুলো বিষয় আছে, যা প্রতিরোধক হিসেবে ক্যানসারকে দুরে রাখতে সহায়তা করে। যেমন, প্রক্রিয়াজাত খাবার না খাওয়া, প্রচুর শাক-সবজি খাওয়া, নিয়মিত ব্যায়াম করা। তিনি টুইটে এও জানান, প্রতিরোধের বিষয়টি অনেক ক্ষেত্রেই ক্যানসার ঠেকাতে সক্ষম হয়। নিয়মিত চেকআপ করানো, মন ও শরীরের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি এবং অর্থনৈতিকভাবে প্রস্তুত থাকাটাও এ ক্ষেত্রে জরুরি বিষয়।

লিসা রে ২০০৯ সালে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ক্যানসার শনাক্ত হওয়ার পর একটা দীর্ঘ সময় ধরে তাঁকে চিকিৎ​সার জটিল এক প্রক্রিয়ার বিভিন্ন ধাপ পেরিয়ে সুস্থ হয়ে ওঠার যুদ্ধে লিপ্ত থাকতে হয়েছিল। অবশেষে লিসা রে একজন ‘ক্যানসার সারভাইভার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী হন তিনি।
সুস্থ হয়ে কাজেও ফিরেছেন বলিউডের এই ক্যানসারজয়ী অভিনেত্রী। লিসাকে শিগগিরই দেখা যাবে ‘ইশ্‌ক ফরএভার’ ছবিতে।