ক্যানসারে মারা গেলেন লুই
ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কমেডিয়ান লুই অ্যান্ডারসন। কিন্তু শেষ রক্ষা আর হলো না জনপ্রিয় এই কমেডি অভিনেতার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হাসপাতাল মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনবার অ্যামিজয়ী এই অভিনেতার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন অ্যান্ডারসনের দীর্ঘদিনের মুখপাত্র গ্লেন শোয়ার্টজ।
গ্লেন শোয়ার্টজ বলেন, সম্প্রতি লুই অ্যান্ডারসনের জটিল ক্যানসার ধরা পড়ে। এই ‘বি সেল লিম্ফোমা’ ধরনের ক্যানসার দ্রুত তাঁর শরীরে ছড়িয়ে যেতে থাকে। এটিও একধরনের ব্লাড ক্যানসার। অবস্থা খারাপ দেখে গত সপ্তাহের শুরুর দিকে তাঁকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার তিনি মারা যান। তবে কখন থেকে তাঁর শরীর এই রোগের সঙ্গে যুদ্ধ করছিল, সেটা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
লুই অ্যান্ডারসন স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে আশির দশকে নাম লেখান। ১৯৮৪ সালের ২০ নভেম্বর ‘দ্য টু নাইট শো’–এর মাধ্যমে তাঁর অভিষেক হয়। দীর্ঘ প্রায় চার দশকের ক্যারিয়ারে তিনি একাধিক টেলিভিশন সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন। তিনবার জিতেছেন অ্যামি পুরস্কার। বিশ্বের সর্বকালের সেরা ১০০ কমেডিয়ানের তালিকায় সব সময় তাঁর নাম জায়গা করে নিত। কাজের জন্য জিতেছেন অনেক ট্রফি। উপস্থাপক হিসেবে ‘ফ্যামিলি ফিউড’সহ একাধিক অনুষ্ঠান মাতিয়েছেন। একক কমেডি অনুষ্ঠানের জন্য জনপ্রিয় ছিলেন অ্যান্ডারসন।
২০১৬ সালে এ অভিনেতা সবচেয়ে বেশি আলোচনায় আসেন রিস্টাইন বাস্কেট চরিত্রের জন্য। এটি তাঁকে এনে দেয় অ্যামি পুরস্কার। এই টেলিভিশন সিরিজটির নাম ছিল ‘বাস্কেটস’। সিরিজটিতে তাঁর সহশিল্পী ছিলেন জ্যাক গ্যালিফিয়ানাকিস ও মার্থা কেলি। অ্যান্ডারসন এক সাক্ষাৎকার জানিয়েছিলেন, মা ও পাঁচ বোন তাঁর জীবনের বড় একটি অংশ। চরিত্রটি ভালো করার অনুপ্রেরণা তাঁদের কাছ থেকেই পেয়েছেন। অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন ১৯৫৩ সালে। তাঁর মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কমেডিয়ান অ্যান্ডারসনের যুগের অবসান ঘটল।