ক্রিস ব্রাউনের অস্ট্রেলিয়া সফরে 'নিষেধাজ্ঞার খড়্গ'!

সিডনি, পার্থ, মেলবোর্ন, ব্রিজবেন—অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি শহরে এই ডিসেম্বরেই অনুষ্ঠিত হওয়ার কথা মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনের গানের অনুষ্ঠান ‘ওয়ান হেল অব আ নাইট’। কিন্তু এক পুরোনো পাপের কারণেই এবারে নিষেধাজ্ঞার খড়্গ নামতে যাচ্ছে এই সংগীতশিল্পীর অস্ট্রেলিয়া সফরের ওপর।
২০০৯ সালে প্রেমিকা পপ সংগীতশিল্পী রিয়ান্নার গায়ে হাত তোলার অপরাধটিই এবারে ক্রিসের অস্ট্রেলিয়া সফরের নিষেধাজ্ঞার কারণ বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী পিটার ডাটন। তিনি জানান, অস্ট্রেলিয়া বর্তমানে গৃহ সন্ত্রাসের বিষয়টিকে কঠোরভাবে দেখছে। অস্ট্রেলিয়ার এই অভিবাসন বিষয়ক মন্ত্রী গত রবিবার জানিয়েছেন, গৃহ সন্ত্রাসের কারণে ক্রিস ব্রাউনকে অস্ট্রেলিয়া সফরের জন্য ভিসা দেওয়া হবে না।
অস্ট্রেলিয়ায় ডিসেম্বরের নয় তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য ক্রিস ব্রাউনের ‘ওয়ান হেল অব আ নাইট’ অনুষ্ঠানটির টিকিট বিক্রির মাত্র একদিন আগে জানা গেল এই তথ্য।
জানা গেছে, অস্ট্রেলিয়া সফরের জন্য কেন ভিসা দেওয়া হবে—এ সংক্রান্ত প্রামাণিক কাগজপত্র দাখিলের জন্য যাদের নোটিশ দেওয়া হয়েছে; ক্রিস ব্রাউনও তাঁদের মধ্যে আছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণাদি হাজির করার জন্য মাত্র ২৮ দিন সময় পাবেন নোটিশপ্রাপ্ত। এর মধ্যেই অস্ট্রেলিয়া সফরের জন্য প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র দেশটির অভিবাসন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে তাঁদের। আর এর পর যদি কর্তৃপক্ষ মনে করেন যে ভিসা দেওয়া যাবে, সে ক্ষেত্রেই কেবল ভিসা পাবেন নোটিশপ্রাপ্ত।
সম্প্রতি গৃহ সন্ত্রাসের বিষয়টি মোকাবিলা করার লক্ষ্যে অস্ট্রেলিয়ায় যে উদ্যোগ নেওয়া হয়েছে এরই জের টানতে হচ্ছে মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনকে। ২০০৯ সালে গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানের ঠিক এক দিন আগে প্রেমিকা রিয়ান্নার গায়ে হাত তুলে ফেঁসে গিয়েছিলেন ক্রিস ব্রাউন। তাঁর হামলায় আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল রিয়ান্নাকে। পরে ক্রিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি গৃহ-সন্ত্রাসের অভিযোগে মামলা করেছিলেন পপ সংগীতশিল্পী রিয়ান্না।