ক্রিসের রসিকতা

বিনোদন সাময়িকীগুলো পারেও বটে। মন চাইলেই কোনো তারকার বিয়ে দিয়ে দেয়, আবার উড়ো খবরের ভিত্তিতে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ করতেও সময় নেয় না। দিন কয়েক আগে হলিউড অভিনেতা ক্রিস হেমসওর্থের সংসার ভাঙার একটি গুজব প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ান একটি পত্রিকা। এমন ভিত্তিহীন খবর প্রকাশের জবার এই ‘অ্যাভেঞ্জারস’ অভিনেতা দিয়েছেন একটু ভিন্নভাবে।
অস্ট্রেলিয়ার উইমেনস ডে নামের একটি ট্যাবলয়েড কিছুদিন আগে ক্রিস ও তাঁর স্ত্রীকে নিয়ে একটি খবর প্রকাশ করে। যাঁর পুরোটাই ছিল ভুল। সেখানে লেখা হয়, ক্রিস ও তাঁর স্ত্রী মডেল এলসা পাতাকির বিচ্ছেদ হয়ে যাচ্ছে। অথচ তাঁরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, একসঙ্গে অবকাশ যাপন করছেন।
এমন ভিত্তিহীন খবর প্রকাশের জন্য এই তারকা দম্পতি অবশ্য পত্রিকার বিরুদ্ধে কোনো মামলা করেননি। সরাসরি কোনো প্রতিবাদও করেননি তাঁরা। তবে, দুই দিন আগে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ক্রিস। তাঁর ছবির ক্যাপশনটাও দিয়েছেন দারুণ মজার। ক্রিস ছবির নিচে লেখেন, ‘উইমেন্স ডে ট্যাবলয়েড ও অন্যান্য বিভ্রান্তিমূলক পত্রিকার খবর অনুযায়ী নতুন স্ত্রী খুঁজছি। প্রিয়তমা এলসা, তুমি তো আমাকে এখনো ভালোবাসো, ঠিক না?’
ইয়াহু নিউজ।