ক্রিস্টেনের 'ক্রুজ কেক'

টম ক্রুজের নাম বলতেই চোখের সামনে ভেসে ওঠে এক সুদর্শনের ছবি। কিন্তু অভিনেত্রী ক্রিস্টেন ডান্সটের বেলায় কিন্তু এটা হয় না। তাঁর চোখের সামনে ভেসে ওঠে কেক! হ্যাঁ, সত্যিই তাই। কারণ, টম ক্রুজ তাঁকে প্রতিবছর বড়দিনে একটি করে কেক উপহার দেন। আর এ কারণে বছরের সবচেয়ে মজাদার উপহার হিসেবে ক্রিস্টেনের জীবনে এখন জায়গা করে নিয়েছে ‘ক্রুজ কেক’।
টম ক্রুজ ও ক্রিস্টেন ডান্সট একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ইন্টারভিউ উইথ এ ভ্যাম্পায়ার ছবিতে। তখন ক্রিস্টেনের বয়স ছিল মাত্র ১১, আর টম ক্রুজের ৩২ বছর। সে সময় থেকেই শুরু হয় এই ‘ক্রুজ কেক’ পাঠানোর রীতি। ক্রিস্টেনের সঙ্গে টমের নাকি এমন সখ্য হয়ে যায় যে, প্রতিবছরই এটা নিয়ম করে পাঠাতে শুরু করেন টম ক্রুজ। প্রতিবছর বড়দিনে টম ক্রুজের পক্ষ থেকে চকলেট চিপে ঢাকা একটি কোকোনাট কেক পৌঁছে যায় ক্রিস্টেনের বাড়িতে। এখন এই ২১ বছর পরও বদলায়নি সেই রীতি। এবারও নাকি সেই ‘ক্রুজ কেক’ পেয়েছেন ক্রিস্টেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা এখন একটা প্রথায় দাঁড়িয়ে গেছে। বড়দিনে বাড়িতে কেক এলেই সবাই বুঝে ফেলে যে এটাই আমার সেই কাঙ্ক্ষিত ক্রুজ কেক।’