ক্রেইগ নেই, ক্রেইগ আছেন

কত কিছুই না বললেন তিনি। ‘হাতের রগ কেটে ফেলবেন, তবু আর জেমস বন্ড হবেন না’—বন্ড চরিত্রটি নিয়ে একরকম বিরক্তই হয়েছিলেন হলিউড অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। কিন্তু আবার তাঁর কণ্ঠে ভিন্ন সুর। গুঞ্জন উঠেছে তিনিই নাকি আবারও ফিরছেন পুরোনো সেই চরিত্রে। সম্প্রতি একটি চলচ্চিত্র উৎসবে এসে নিজেই ক্রেইগ সেই আভাস দিলেন।
জেমস বন্ড সিরিজের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘স্পেকটর’। ছবিটি মুক্তির পর ড্যানিয়েল ক্রেইগ বলেছিলেন, আর থাকছেন না তিনি এই স্পাই সিরিজে। ভিন্ন কিছু করতে এই চরিত্রটিকে বিদায় জানাতে চাইছিলেন তিনি। তাঁর এই ঘোষণার পরপরই হলিউডে রীতিমতো সাড়া পড়ে যায়—ড্যানিয়েলের পর কে ধারণ করবেন গুপ্তচর ‘জেমস বন্ড’-এর চরিত্রটি। বিভিন্ন সময় এ চরিত্রের জন্য নাম উঠে এসেছে টম হিডলস্টন ও ইদ্রিস অ্যালবার। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান কেবল ড্যানিয়েলকেই চাইছে। তাই তো ড্যানিয়েলকে তারা ১৫ কোটি ডলার পর্যন্ত প্রস্তাব করেছিল পারিশ্রমিক হিসেবে। তাই হয়তো এখন ক্রেইগের মনের পাথর গলতে শুরু করেছে। সম্প্রতি নিউ ইয়র্কার ফেস্টিভ্যাল নামের একটি অনুষ্ঠানে গিয়ে ক্রেইগ বললেন, ‘এই চরিত্রটি যেদিন ছেড়ে দেব, সেদিন হবে আমার সবচেয়ে কষ্টের দিন। খুব মিস করব বন্ডকে।’ কথার মারপ্যাঁচে ‘যেদিন ছেড়ে দেব’ বলে ড্যানিয়েল বুঝিয়ে দিয়েছেন, তাঁর জীবনে এখনো সেই কষ্টের দিনটি আসেনি। অর্থাৎ এখনো তাঁকে বন্ড হিসেবে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডেইলি মেইল।