ক্লুনি ও আমালকে ১৮৯ পৃষ্ঠার হুমকিপত্র

হলিউড তারকা জর্জ ক্লুনি ও তাঁর স্ত্রী মার্কিন আইনজীবী আমাল ক্লুনিকে প্রাণনাশের হুমকি দিয়ে ১৮৯ পৃষ্ঠার চিঠি পাঠিয়েছে মার্ক বিবে নামের এক মার্কিন নাগরিক। এ বিষয়ে ক্লুনি দম্পতি আদালতে অভিযোগ করলে তাঁরা জানতে পারেন, মার্ক মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। তবে এরপরও প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে ক্যালিফোর্নিয়ার একটি আদালত মার্ককে ক্লুনি দম্পতির কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। তাঁকে এই তারকা দম্পতির ১০০ গজের কাছাকাছি দেখা গেলে কিংবা এ দম্পতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ১ বছরের কারাদণ্ড ও এক হাজার মার্কিন ডলার জরিমানা করবে বলে নির্দেশ দিয়েছেন।
৫৫ বছর বয়সী মার্ক বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন। আসামির পক্ষ থেকে আদালতে জমা দেওয়া কাগজের ভিত্তিতে জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনাস অ্যাডমিনিস্ট্রেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে চিকিৎসা চলার মধ্যেই মার্ক ১৮৯ পৃষ্ঠার একটি হুমকিপত্র লিখে পাঠিয়েছেন জর্জ ক্লুনি ও আমালের বাড়ির ঠিকানায়। ওই হুমকিপত্রে মার্ক উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসী হামলার কথা। সাম্প্রতিক অরলান্ডো হামলার কথাও তিনি সেই হুমকিপত্রে উল্লেখ করেন। তিনি বলেন, ওই সব হামলা ভুল সময়ে ভুল স্থানে করা হয়েছিল। তাঁদের মদদদাতারা এখনো আড়ালেই রয়ে গেছে।
বর্তমানে জর্জ ক্লুনি ও আমাল ক্লুনি আছেন ইতালিতে। সেখানে তাঁরা তাঁদের অবকাশযাপনের বাংলোয় ছুটি কাটাচ্ছেন। নিউ ইয়র্ক ডেইলি নিউজ।