ক্লুনি দম্পতির জন্য সালমা হায়েকের পরামর্শ নেই

প্রথমবারের মতো বাবা হয়েছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। আজ বুধবার সকালে যমজ সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী আমাল ক্লুনি। ক্লুনি দম্পতি যেহেতু প্রথমবার মা-বাবা হয়েছেন, তাই তাঁদের অভিজ্ঞ বন্ধুরা তো সন্তান লালন-পালন সম্পর্কে একটু-আধটু পরামর্শ দিতেই পারেন। কিন্তু আরেক হলিউড তারকা ও ক্লুনি দম্পতির কাছের বন্ধু সালমা হায়েক বললেন ভিন্ন কথা। তিনি মনে করেন, প্রথমবার মা-বাবা হয়েছেন বলেও ক্লুনি দম্পতিকে পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন তিনি এমন কথা ভাবছেন?
গতকাল সালমা হায়েক তাঁর নতুন ছবি ‘বিটরিজ অ্যাট ডিনার’-এর প্রিমিয়ার শোতে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, ‘তাঁদের প্রতি আমার কোনো পরামর্শ নেই। কারণ, তাঁর (জর্জ ক্লুনি) স্ত্রী আমার মতো একজন লেবানিজ এবং আমি তাঁর শাশুড়ি ও শ্যালিকাকেও চিনি। আর আমি জানি, তাঁদের চেয়ে ভালো হাতে এই শিশুরা পড়তে পারে না।’ সালমা হায়েকের নিজেরও আছে এক কন্যাসন্তান।
উল্লেখ্য, ১৯৯৬ সালে জর্জ ক্লুনির ও সালমা হায়েকের থ্রিলার ছবি ‘ফ্রম ডাস্ক টিল ডন’ বক্স অফিস মাতিয়েছিল। পিপল।